বিএনপির কর্মকাণ্ডে স্বৈরাচারী চিন্তার পুনরাবৃত্তি দেখতে চাই না: সারজিস আলম
Published : ১৭:০৯, ১০ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির নেতাকর্মীদের কথা ও কাজে স্বৈরাচারী চিন্তা-চেতনার পুনরাবৃত্তি দেখতে চান না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
তিনি বলেন, নাসিরুদ্দিন পাটোয়ারীসহ যেকোনো ব্যক্তির বক্তব্যের সঙ্গে দ্বিমত থাকলে যুক্তি ও কথার মাধ্যমেই তার জবাব দিতে হবে। বক্তব্যের গ্রহণযোগ্যতাকে চ্যালেঞ্জ করা যেতে পারে, তবে কারও কণ্ঠরোধ করতে ছাত্রদল বা যুবদলকে ব্যবহার করা হলে এর পরিণতি ভালো হবে না।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বরিশাল শিল্পকলা একাডেমিতে জেলা ও মহানগর এনসিপির নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি একসময় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের মাধ্যমে নির্যাতিত ও মিথ্যা মামলায় জেল খেটেছেন। অথচ এখন তিনিই পাটোয়ারী গংয়ের বক্তব্যের বিরুদ্ধে ছাত্রদলকে গর্জে ওঠার আহ্বান জানিয়েছেন।
তিনি এ বক্তব্যের সঙ্গে অতীতে আওয়ামী লীগের নেতাদের আন্দোলন দমনের আহ্বানের তুলনা করে বলেন, একই ধরনের স্বৈরাচারী মনোভাব নিয়ে কোনো দলই বাংলাদেশে টিকে থাকতে পারেনি।
আওয়ামী লীগকে আশ্রয় দেওয়ার অভিযোগ
আওয়ামী লীগের প্রসঙ্গে সারজিস আলম অভিযোগ করেন, প্রশাসন ও বিএনপির বিভিন্ন পর্যায় থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিষয়ে এক ধরনের ছাড় দেওয়া হচ্ছে। স্থানীয় ও জাতীয় নির্বাচনে সমঝোতা এবং ভোট পাওয়ার উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাদের আশ্রয়, জামিন ও নিরাপত্তা দেওয়ার চেষ্টা চলছে বলেও দাবি করেন তিনি।
তিনি সতর্ক করে বলেন, যারা খুনি, অপরাধী ও স্বৈরাচারের সহযোগী, তাদের প্রশ্রয় দিলে ভবিষ্যতে তারাই আবার স্বৈরাচারের পক্ষে অবস্থান নেবে। তাদের আশ্রয়দাতারাও এর দায় এড়াতে পারবেন না।
বিএনপিকে সতর্ক করলেন সারজিস
বিএনপির উদ্দেশে সারজিস আলম বলেন, ক্ষমতায় থাকা কিংবা সংসদে সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়ার কারণে অতীতের ১৭ বছরের নির্যাতন-নিপীড়নের কথা ভুলে গেলে চলবে না। তারেক রহমান ও খালেদা জিয়ার অতীত পরিস্থিতির কথাও মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।
শেখ হাসিনা প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে তার আর কোনো জায়গা নেই। তাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হলে জুলাই আন্দোলনের সহযোদ্ধা এবং শহীদ ও আহত পরিবারের সদস্যরাই তা প্রতিহত করতে যথেষ্ট।
আওয়ামী লীগের দলগত বিচার দাবি
আওয়ামী লীগের দলগতভাবে বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে সারজিস আলম বলেন, দল হিসেবে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা ছাড়া বাংলাদেশ কাঙ্ক্ষিত গণতান্ত্রিক উত্তরণের পথে এগোতে পারবে না।
জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, যারা কোটি কোটি টাকার প্রলোভনেও আন্দোলনের পথ থেকে সরে যাননি, ভবিষ্যতেও অর্থ কিংবা ক্ষমতার প্রলোভন দেখিয়ে তাদের আদর্শ থেকে টলানো যাবে না।
সভায় বরিশাল জেলা ও মহানগর এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



























