আগামী ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কার্যক্রম: স্বাস্থ্যমন্ত্রী
Published : ১৯:২১, ১০ সেপ্টেম্বর ২০২৬
হামের সংক্রমণ মোকাবিলায় আগামী ২৫ সেপ্টেম্বর থেকে দেশে আবারও দেশব্যাপী হামের টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ঢাকার ধানমণ্ডির ইউনিভার্সিটি উইমেন্স ফেডারেশনে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
মন্ত্রী জানান, ইতোমধ্যে অধিকাংশ টিকা ইউনিসেফের মাধ্যমে দেশে এসে পৌঁছেছে এবং বাকি টিকা আগামী ১৭ সেপ্টেম্বরের মধ্যে দেশে এসে পৌঁছাবে। বিগত সরকার দেশে কোনো টিকা রেখে যায়নি উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকার এমন পরিস্থিতিতে মাত্র ২১ দিনের মধ্যে ১ কোটি ৮৫ লাখ শিশুর জন্য টিকা সংগ্রহ করে টিকাদান কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছে। এছাড়া হামের টিকাদান ক্যাম্পেইন শেষ হওয়ার পরও সংক্রমণ অব্যাহত থাকায় সরকার মপ-আপ কার্যক্রম পরিচালনা করে, যার আওতায় নতুন করে আরও ১৪ লাখ শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে।
রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ সামলানোর বিষয়ে মন্ত্রী জানান, ঢাকার হাসপাতালগুলোর ওপর চাপ কমাতে প্রান্তিক পর্যায়ের হাসপাতালগুলোতে চিকিৎসাসেবা আরও জোরদার করা হয়েছে। প্রতিটি হাসপাতালে আইসোলেশন বেড প্রস্তুত রাখার পাশাপাশি মোবাইল হাসপাতালের ব্যবস্থাও রাখা হয়েছে। উপজেলা পর্যায়ে রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে এবং টারশিয়ারি হাসপাতালের ওপর চাপ কমাতে সোসাইটি অব মেডিসিনের মাধ্যমে উপজেলা চিকিৎসকদের সঙ্গে সমন্বয় ও দিকনির্দেশনা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
জনগণের ভোটের মাধ্যমে সরকার গঠিত হয়েছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, জনগণের প্রতি সরকারের দায়বদ্ধতা রয়েছে এবং নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষায় সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।



























