স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি
Published : ১৭:১৬, ১০ সেপ্টেম্বর ২০২৬
দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি। শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি সরকারে আসার পর দলীয় কার্যক্রমে যেন শৈথিল্য না আসে, সে জন্য সাংগঠনিক তৎপরতা জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে শনিবার তৃতীয়বারের মতো স্থায়ী কমিটির বৈঠকে বসতে যাচ্ছে দলটি।
বৈঠকে স্থায়ী কমিটির নতুন চার সদস্য রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার ও ইসমাইল জবিহউল্লাহ অংশ নেবেন।
যেসব বিষয়ে আলোচনা হতে পারে
বৈঠকে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে দলের কৌশল, আওয়ামী লীগের সাম্প্রতিক রাজনৈতিক তৎপরতা এবং জুলাই সনদ নিয়ে কথিত অপপ্রচারের বিরুদ্ধে দলের অবস্থান নিয়ে আলোচনা হতে পারে।
এ ছাড়া দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, ব্রিকস সম্মেলন এবং সরকারের বিভিন্ন নীতি ও কৌশল নিয়েও আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, শনিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে বলে তিনি শুনেছেন।
ব্রিকস সম্মেলন নিয়েও আলোচনা
শনিবারের বৈঠকে ব্রিকস সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে সরকারের কৌশল নিয়েও আলোচনা হতে পারে। তবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এক ব্রিফিংয়ে জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে যাচ্ছেন না।
উল্লেখ্য, আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে ১৮তম ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে ব্রিকস সদস্য দেশগুলোর নেতাদের পাশাপাশি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস অংশ নেবেন।
২০২৬ সালের ব্রিকসের চেয়ারম্যান ভারত। নয়াদিল্লির ভারত মণ্ডপমে এবারের সম্মেলন অনুষ্ঠিত হবে। ব্রিকসের চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সম্মেলনে আমন্ত্রণ জানানো হলেও তিনি এতে অংশ নিচ্ছেন না।



























