এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচন করার বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি

এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচন করার বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:৪৪, ১৩ সেপ্টেম্বর ২০২৬

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচন কমিশন (ইসি) নেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার কোনো বাধ্যবাধকতা নেই।

এর আগে সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমও উপস্থিত ছিলেন।

এদিকে গত ২১ জুলাই নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন না। একই সঙ্গে ঋণখেলাপি ও ঋণের জামিনদারদেরও প্রার্থী হওয়ার ক্ষেত্রে অযোগ্যতার কথা জানিয়েছিল ইসি। ইউটিলিটি বিল বকেয়া থাকলেও প্রার্থী হওয়া যাবে না বলে জানানো হয়।

ইসি সচিব জানিয়েছিলেন, স্থানীয় সরকার নির্বাচনের আওতাভুক্ত পাঁচটি প্রতিষ্ঠান—ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন ও জেলা পরিষদের সংশ্লিষ্ট আইনগুলো পর্যালোচনা করে এসব বিষয়ে আলোচনা করা হয়েছে।

তবে এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে এখন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানিয়েছেন, এ বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার নির্বাচন কমিশনের। ফলে এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থিতা নিয়ে আগের বক্তব্যের সঙ্গে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।

  

শেয়ার করুনঃ
Advertisement