ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যু: তদন্তে নতুন তথ্য, রিমান্ডে বন্ধু দীপ

ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যু: তদন্তে নতুন তথ্য, রিমান্ডে বন্ধু দীপ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:১৫, ১ নভেম্বর ২০২৬

বিমানবাহিনীর বরখাস্ত হওয়া ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মৃত্যুর রহস্য উদ্ঘাটনে তদন্তে নতুন তথ্য সামনে এসেছে। মৃত্যুর আগে উত্তরার একটি রেস্টুরেন্ট ও বারে এক তরুণী এবং তাঁর জুনিয়র বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপের সঙ্গে সময় কাটানোর তথ্য পেয়েছে পুলিশ। ওই তরুণীকে শনাক্ত করে তাঁর সঙ্গে কথা বলার চেষ্টা করছেন তদন্তকারীরা।

তাহসিফের বাবা কেএম এনায়েতুল করিমের দায়ের করা হত্যা মামলায় দীপকে গ্রেপ্তার দেখিয়ে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদে দীপ দাবি করেছেন, টঙ্গীর মাজার বস্তি এলাকায় পুলিশের ধাওয়া খেয়ে তাহসিফ তুরাগ নদে ঝাঁপ দিয়েছিলেন। তবে কেন তিনি নদীতে ঝাঁপ দিয়েছিলেন এবং ওই সময় প্রকৃতপক্ষে কী ঘটেছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন করে পাওয়া সিসিটিভি ফুটেজে তাহসিফকে এক তরুণী ও দীপের সঙ্গে উত্তরার ‘নেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড বার’-এ দেখা গেছে। ফুটেজ অনুযায়ী, ২৭ অক্টোবর রাত ১০টা ১৭ মিনিটে তাঁরা উত্তরার ১১ নম্বর সেক্টরের ওই প্রতিষ্ঠানে পৌঁছান। তাঁরা একটি মোটরসাইকেলে সেখানে গিয়েছিলেন। সেখানে প্রায় দেড় ঘণ্টা অবস্থানের পর দীপকে সঙ্গে নিয়ে টঙ্গীর মাজার বস্তি এলাকায় যান তাহসিফ। ওই তরুণীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

নৌপুলিশের কর্মকর্তারা জানান, জিজ্ঞাসাবাদে দীপ বিভিন্ন তথ্য দিচ্ছেন। তবে তাঁর বক্তব্যে কিছু অসংগতি ও এলোমেলো তথ্য পাওয়া গেছে। সেগুলো অন্যান্য তথ্যপ্রমাণের সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে।

নৌপুলিশ ঢাকা রেঞ্জের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, দীপ পুরো ঘটনার সঙ্গে ছিলেন। তাঁকে জিজ্ঞাসাবাদে তাহসিফের মৃত্যুর রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। আদালত তাঁকে চার দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন।

তিনি আরও জানান, বাসা থেকে বের হওয়ার পর তাহসিফ কোথায় কোথায় গিয়েছিলেন এবং কার কার সঙ্গে সময় কাটিয়েছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। তাঁর ব্যবহৃত মোবাইল ফোনের ফরেনসিক পরীক্ষা চলছে। মোটরসাইকেলসহ অন্যান্য আলামত উদ্ধারের বিষয়টিও তদন্তের আওতায় রয়েছে। তাহসিফ পুলিশের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়েছিলেন, নাকি এর পেছনে অন্য কোনো ঘটনা রয়েছে, তা তথ্যপ্রমাণ যাচাই করে নির্ধারণের চেষ্টা চলছে।

এদিকে তাহসিফের মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন এবং দায়ীদের বিচারের দাবি জানিয়েছে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের সংগঠন ‘রাওয়া’।

শেয়ার করুনঃ
Advertisement