অনাহারে থাকবে না কেউ, ওএমএসের পয়েন্ট বাড়ানো হয়েছে: খাদ্যমন্ত্রী

অনাহারে থাকবে না কেউ, ওএমএসের পয়েন্ট বাড়ানো হয়েছে: খাদ্যমন্ত্রী ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:৫৮, ১ নভেম্বর ২০২৬

অসহায় ও নিম্ন আয়ের মানুষের কাছে সাশ্রয়ী দামে খাদ্যপণ্য পৌঁছে দেওয়া এবং দেশের কোনো মানুষকে অনাহারে থাকতে না দেওয়ার লক্ষ্য নিয়ে খোলাবাজারে খাদ্যশস্য বিক্রির (ওএমএস) পয়েন্ট বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খান রিতা।

রোববার (১ নভেম্বর) বিকেলে মানিকগঞ্জ পৌরসভার শহীদ মিনার চত্বরে ওএমএস কার্যক্রমের আওতায় ট্রাকসেল উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান অসহায় মানুষের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দিতে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। এর অংশ হিসেবে মানিকগঞ্জের অভাবী ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের মানুষ যেন আরও বেশি পরিমাণে চাল ও আটা সংগ্রহ করতে পারেন, সে জন্য নতুন করে পাঁচটি ওএমএস পয়েন্ট চালু করা হয়েছে।

তিনি আরও বলেন, সাধারণ মানুষের কাছে খাদ্য পৌঁছে দেওয়া এবং দেশের কেউ যাতে অনাহারে না থাকে, সেই লক্ষ্য বাস্তবায়নেই ওএমএস বিক্রয়কেন্দ্রের সংখ্যা বাড়ানো হয়েছে।

আসন্ন রমজান মাস সামনে রেখে খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তুতি ও পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, এ বিষয়ে মন্ত্রণালয় এখন কিছু পরিকল্পনা নিয়ে কাজ করছে। পরবর্তী সময়ে সেগুলো জানানো হবে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, জেলা ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক খন্দকার নাজমুস সাকিব, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ
Advertisement