আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্রমন্ত্রী
Published : ১৫:০৫, ৩০ সেপ্টেম্বর ২০২৬
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে আয়োজিত এক সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের যেকোনো উদ্বেগকে সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। তবে দু-একটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে—এমন ধারণা সঠিক নয়। তার দাবি, আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণেই রয়েছে।
রাজধানীর রাড্ডা ও মানিকদিতে স্টুডিওতে হামলার ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, বিষয়গুলো তদন্তাধীন। ঘটনায় যে-ই জড়িত থাকুক, তদন্তে অপরাধ প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে মিরপুর-১০ এলাকায় উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকার ও সিটি করপোরেশনের মধ্যে সংঘর্ষের ঘটনায় সমন্বয়হীনতা ছিল বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
ধর্মীয় সম্প্রীতি প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের বর্তমান ধর্মীয় সম্প্রীতির পরিস্থিতি আগের যেকোনো সময়ের তুলনায় ভালো। এবার সারাদেশে উৎসবমুখর পরিবেশে প্রায় ৩৩ হাজার ৮০০টিরও বেশি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
তিনি জানান, দুর্গাপূজার জন্য সরকারি বরাদ্দ ৪ কোটি টাকা থেকে বাড়িয়ে এবার ৫ কোটি টাকা করা হয়েছে। একই সঙ্গে গত বছরের তুলনায় এবার পূজামণ্ডপের সংখ্যাও প্রায় দেড় হাজার বেড়েছে।
পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা বলেন, ছুটি ও সরকারি বরাদ্দ বাড়ানোয় তারা সন্তুষ্ট। পাশাপাশি পূজা শুরুর আগে নিরীহ হিন্দু সম্প্রদায়ের কাউকে গ্রেপ্তার না করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।






























