তারেক রহমানের ভারত সফর হবে, তবে এখনই নয়: ভারতীয় হাইকমিশনার
Published : ১৫:৩৫, ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে দুই দেশের মানুষের আগ্রহ রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তবে সফরের তারিখ বা মাস এখনো নির্ধারণ হয়নি বলে জানিয়েছেন তিনি।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ভারতীয় হাইকমিশনার।
দীনেশ ত্রিবেদী বলেন, তারেক রহমানের ভারত সফর অনুষ্ঠিত হবে—এ বিষয়ে কোনো অনিশ্চয়তা নেই। তবে সফর আয়োজনের ক্ষেত্রে তাড়াহুড়ো করার প্রয়োজন নেই। দুই দেশের পক্ষ থেকে যথাযথ প্রস্তুতি সম্পন্ন করেই সফরের সময় নির্ধারণ করা হবে।
তিনি বলেন, সফরের তারিখ বা মাস নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি। তবে দুই দেশের মানুষের মধ্যেই এ সফর নিয়ে আগ্রহ রয়েছে।
ঢাকা-দিল্লি সম্পর্কে বিভিন্ন চ্যালেঞ্জ থাকলেও দুই দেশের সরকারপ্রধান বৈঠকে বসলে সেগুলোর সমাধানের সুযোগ রয়েছে বলে মন্তব্য করেন দীনেশ ত্রিবেদী। দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে ভারতীয় পক্ষ সর্বোচ্চভাবে কাজ করবে বলেও জানান তিনি।
সম্ভাব্য শীর্ষ বৈঠকে বাণিজ্য, পানি ও অন্যান্য গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে জানান ভারতীয় হাইকমিশনার। তার মতে, দুই দেশের সরকারপ্রধানের বৈঠকের আগে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রস্তুতিমূলক কাজ শেষ করতে হবে এবং বৈঠকের পর আলোচনার বিষয়গুলো বাস্তবায়নের সুযোগও থাকতে হবে।
দীনেশ ত্রিবেদী বলেন, সফরটি আগামীকাল হলেও তার আপত্তি নেই। তবে এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট তারিখ বা মাস ঠিক হয়নি।
এদিকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান জানান, ভারতীয় হাইকমিশনারের সঙ্গে এটি ছিল সৌজন্য সাক্ষাৎ। দুই দেশ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করবে বলেও জানান তিনি।
সোহরাওয়ার্দী উদ্যানে মুর্যাল প্রসঙ্গে মন্ত্রী বলেন, সেখানে কোনো পরিবর্তন আনা হচ্ছে না। এ বিষয়ে গণমাধ্যমে বিষয়টি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলেও দাবি করেন তিনি।






























