নতুন যৌথ বাহিনী নয়, অভিযান জোরদার হবে

নতুন যৌথ বাহিনী নয়, অভিযান জোরদার হবে ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:৫৫, ১ অক্টোবর ২০২৬

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নতুন করে কোনো বিশেষ যৌথ বাহিনী গঠনের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে অতীতে পরিচালিত ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো অভিযান চালানোরও পরিকল্পনা সরকারের নেই বলে জানান তিনি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন সদর দপ্তরের ‘শুভারম্ভ ফলক’ উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, নতুন কোনো বাহিনী গঠনের বিষয়ে সরকারের পক্ষ থেকে প্রকাশ্যে কোনো ঘোষণা দেওয়া হয়নি। তবে দেশব্যাপী অপরাধ দমন ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যমান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বয়ে চলমান যৌথ অভিযান আরও জোরদার করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, আনসারসহ সংশ্লিষ্ট সব বাহিনীকে সমন্বিতভাবে আরও সক্রিয় ও তৎপর থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, সরকারের মূল লক্ষ্য হলো সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা। এ জন্য বিদ্যমান বাহিনীগুলোর পারস্পরিক সমন্বয় ও কার্যক্রম আরও বাড়ানো হবে।

শেয়ার করুনঃ
Advertisement