৪৯তম বিসিএসের বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার

৪৯তম বিসিএসের বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:২৩, ১ অক্টোবর ২০২৬

৪৯তম বিসিএসের বিশেষ শিক্ষা ক্যাডারে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের পরও চূড়ান্ত গেজেটে বাদ পড়া ৪৬ প্রার্থীর নিয়োগের প্রজ্ঞাপন আগামী সোমবার প্রকাশ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজ দপ্তরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পিএসসি ৬৬৫ জনকে উত্তীর্ণ করেছিল। তাদের মধ্যে আটজন মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। ফলে ৬৫৭ জনের বিষয়টি প্রজ্ঞাপনের জন্য বিবেচনায় আসে। বিভিন্ন ধাপে নিয়োগের প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।

তিনি দাবি করেন, রাজনৈতিক পরিচয়ের কারণে কোনো প্রার্থীর সঙ্গে বৈষম্য করা হয়নি। তার ভাষ্য, কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে তা যাচাই ও তদন্তের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়।

বাদ পড়া ৪৬ জনের বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, পিএসসির সুপারিশ থাকা সত্ত্বেও যারা চূড়ান্ত গেজেটে স্থান পাননি, তাদের নিয়োগের প্রজ্ঞাপন আগামী সোমবার জারি করা হবে।

এ সময় তিনি একজন প্রার্থীর আত্মহত্যার হুমকির প্রসঙ্গও তুলে ধরেন এবং জানান, ওই ব্যক্তির নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততার বিষয় রয়েছে। তবে কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে তা তদন্তের আওতায় নেওয়া হয় বলে উল্লেখ করেন তিনি।

এর আগে ৪৯তম বিসিএসের বিশেষ শিক্ষা ক্যাডারে পিএসসির সুপারিশের পর চূড়ান্ত গেজেটে ৪৬ জনকে বাদ দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়। পিএসসি জানিয়েছে, তারা সুপারিশকারী কর্তৃপক্ষ; নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের।

শেয়ার করুনঃ
Advertisement