জাতীয় বেতন স্কেল ২০২৬: তথ্য চেয়েছে মাউশি

জাতীয় বেতন স্কেল ২০২৬: তথ্য চেয়েছে মাউশি ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:৪৩, ১ অক্টোবর ২০২৬

জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের বেতন নির্ধারণের প্রস্তুতি শুরু করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ লক্ষ্যে অধীনস্থ সব অফিস ও প্রতিষ্ঠানের জনবলের পূর্ণাঙ্গ তথ্য চেয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) এ বিষয়ে একটি চিঠি জারি করে মাউশি। এতে নির্ধারিত ছকে আগামী ৭ অক্টোবরের মধ্যে প্রয়োজনীয় তথ্য পাঠাতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, কর্মীদের বেতন-ভাতা ও পেনশন সংক্রান্ত কার্যক্রম আরও সহজ ও স্বচ্ছ করতে আইবাস++-এর অর্গানোগ্রাম সাব মডিউলের ডেটাবেইসে প্রতিষ্ঠানভিত্তিক জনবলের বিস্তারিত তথ্য সংরক্ষণ করা হচ্ছে। এতে পদের নাম, মূল গ্রেড এবং অনুমোদিত পদের সংখ্যা অন্তর্ভুক্ত থাকবে।

সরকারের আর্থিক ব্যবস্থাপনা আরও কার্যকর করতে আইবাস++ পে ফিক্সেশন সাব-সিস্টেমে জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী বেতন নির্ধারণের কাজ সম্পন্ন করা হবে। এ কারণে মাউশি ও এর মাঠপর্যায়ের কার্যালয়গুলোর জনবলসংক্রান্ত তথ্য অর্গানোগ্রাম সাব মডিউলে অন্তর্ভুক্ত করা প্রয়োজন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

মাঠপর্যায়ের কার্যালয়গুলোকে এনাম কমিশনের পর সৃষ্ট পদগুলোর তথ্যও অর্গানোগ্রাম সাব মডিউলে এন্ট্রি করতে হবে। এ জন্য অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অধিশাখার পৃষ্ঠাঙ্কন করা জিওসহ প্রতিষ্ঠানভিত্তিক জনবলের পূর্ণাঙ্গ তথ্য নির্ধারিত ছকে পাঠাতে বলা হয়েছে।

নির্ধারিত ছকে ক্রমিক নম্বর, পদের নাম বাংলা ও ইংরেজিতে, পদের মূল গ্রেড (সাবস্টেন্ট গ্রেড), পদসংখ্যা এবং মন্তব্য উল্লেখ করতে হবে।

তথ্যের হার্ড কপি মাউশির উপপরিচালক (এইচআরএম), ঢাকা, রুম নম্বর-৫৩০-এ জমা দিতে হবে। পাশাপাশি সফট কপি নিকশ ফন্টে ওয়ার্ড ডকুমেন্ট হিসেবে নির্ধারিত ই-মেইলে পাঠাতে বলা হয়েছে। সব তথ্য ৭ অক্টোবরের মধ্যে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

শেয়ার করুনঃ
Advertisement