সাবেক এমপি আখতারুজ্জামানের এক দিনের রিমান্ড

সাবেক এমপি আখতারুজ্জামানের এক দিনের রিমান্ড ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৫:০৬, ৩ অক্টোবর ২০২৬

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ পেতে বিলম্বকে কেন্দ্র করে বিশৃঙ্খলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আল-বেরুনী মীর শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন।

এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা ও বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মাজেদুল ইসলাম আখতারুজ্জামানের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনে তিনি উল্লেখ করেন, বিমানবন্দরের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পেছনে কোনো বিশেষ মহলের ইন্ধন ছিল কি না এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে আসামিকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার নিজ বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতে হাজির করা হয়।

মামলার এজাহারে যা বলা হয়েছে
মামলার এজাহার অনুযায়ী, গত বৃহস্পতিবার (১ অক্টোবর) মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG-338 ফ্লাইটের যাত্রীদের লাগেজ পেতে দেরি হওয়ায় বিমানবন্দরে অসন্তোষ তৈরি হয়।

পরিস্থিতি সামাল দিতে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ ঘটনাস্থলে গেলে আখতারুজ্জামান তার সঙ্গে দুর্ব্যবহার এবং শারীরিকভাবে লাঞ্ছিত করার হুমকি দেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়েছে, আখতারুজ্জামানের সঙ্গে থাকা ব্যক্তিরা সংরক্ষিত এলাকায় ভিডিও ধারণের চেষ্টা করলে নিরাপত্তা কর্মকর্তা বাধা দেন। এ সময় ওই কর্মকর্তাকেও লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

এ ছাড়া সাধারণ যাত্রীদের জমজমের পানির বোতল ছুড়ে ফেলা এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রতিনিধিদের সঙ্গে মারমুখী আচরণের অভিযোগও আনা হয়েছে।

মামলার তদন্তে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুনঃ
Advertisement