শিশু অধিকার দিবসে শিশু একাডেমিতে প্রধানমন্ত্রী তারেক রহমান
Published : ১১:০০, ৬ অক্টোবর ২০২৬
শিশু অধিকার দিবস ২০২৬ এবং বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে বাংলাদেশ শিশু একাডেমিতে পৌঁছালে প্রায় ১৫০ শিশু ফুল ও শুভেচ্ছার মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্বাগত জানায়। পরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। এ সময় প্রধানমন্ত্রী অতিথিদের সঙ্গে আসন গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান উপস্থিত রয়েছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
আয়োজনে শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা, স্মারক উপহার বিতরণ এবং স্মরণিকা ‘শৈশব’-এর মোড়ক উন্মোচনের কর্মসূচি রয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়েরও আয়োজন করা হয়েছে। পাশাপাশি শিশুদের আঁকা ছবি ও ফটো গ্যালারি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠান শেষে শিশু জাদুঘর ভবনে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে ভবনের নিচতলায় স্থাপিত সোলার প্যানেল ও সাব-স্টেশনের উদ্বোধন করবেন তিনি।
এবারের শিশু অধিকার দিবসের আয়োজনের প্রতিপাদ্য— ‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’।































