শিশুদের বিকাশের সুযোগ দিলে শক্ত হবে দেশের ভিত: প্রধানমন্ত্রী

শিশুদের বিকাশের সুযোগ দিলে শক্ত হবে দেশের ভিত: প্রধানমন্ত্রী ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৪:০৪, ৬ অক্টোবর ২০২৬

শিশুদের মধ্যে লুকিয়ে থাকা সম্ভাবনা বিকাশের সুযোগ নিশ্চিত করা গেলে ভবিষ্যতে দেশের ভিত্তি আরও শক্তিশালী হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (৬ অক্টোবর) শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি শিশুর মধ্যে আলাদা প্রতিভা রয়েছে। সেই প্রতিভাকে যথাযথভাবে বিকশিত করার সুযোগ করে দিতে হবে। এ ক্ষেত্রে অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে শিশুদের পাশে থাকার আহ্বান জানান তিনি।

শুধু পড়াশোনার মধ্যে শিশুদের সীমাবদ্ধ না রেখে খেলাধুলা ও বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত করার ওপর গুরুত্ব দেন তারেক রহমান। তার মতে, এর মাধ্যমে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ আরও ভালোভাবে সম্ভব হবে।

তিনি বলেন, আজকের শিশুরাই আগামী দিনের দেশের নেতৃত্ব দেবে। তাই তাদের বেড়ে ওঠার জন্য নিরাপদ, সুন্দর ও মানবিক পরিবেশ নিশ্চিত করা জরুরি। শিশুদের মেধা ও যোগ্যতা বিকাশের সুযোগ দেওয়া গেলে ভবিষ্যতে শক্তিশালী রাষ্ট্র গড়ে তোলা সম্ভব হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, সরকার একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায়। এজন্য শিশুদের শুধু শিক্ষিত করাই নয়, মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবেও গড়ে তুলতে হবে। শিশুদের অধিকার নিশ্চিত করার পাশাপাশি তাদের সৃজনশীলতা ও প্রতিভাকে উৎসাহিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানে শিশুদের আঁকা ৩৫টি ছবি প্রধানমন্ত্রীকে উপহার দেওয়া হয়। পাশাপাশি স্কুল পর্যায় থেকেই বাংলা ভাষার পাশাপাশি অন্যান্য ভাষা শেখার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

সকালে বাংলাদেশ শিশু একাডেমিতে পৌঁছালে ১৫০ জন শিশু প্রধানমন্ত্রীকে স্বাগত জানায়। পরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।

এবারের শিশু অধিকার দিবসের প্রতিপাদ্য— ‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শেয়ার করুনঃ
Advertisement