হাম-রুবেলা টিকা পেল ২ কোটি শিশু, লক্ষ্যে আরও ৩৫ লাখ

হাম-রুবেলা টিকা পেল ২ কোটি শিশু, লক্ষ্যে আরও ৩৫ লাখ স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মোহাম্মদ আব্দুল মুহিত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:৩৮, ৭ অক্টোবর ২০২৬

হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় সারাদেশে ইতোমধ্যে দুই কোটি শিশুকে টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মোহাম্মদ আব্দুল মুহিত। আগামী এক মাসে আরও প্রায় ৩৫ লাখ শিশুকে এই কর্মসূচির আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলেও জানান তিনি।

বুধবার (৭ অক্টোবর) হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।

তিনি বলেন, দেশের স্বাস্থ্যব্যবস্থা পুনর্গঠনের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার কাজ করছে। জনগণের স্বাস্থ্যসেবাকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি রোগ প্রতিরোধমূলক কর্মসূচি এবং টিকাদান কার্যক্রম অব্যাহত রাখাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, দুই কোটি শিশুকে টিকা দেওয়ার পরও কর্মসূচি শেষ করা হয়নি। কারণ একটি শিশুকেও টিকাদানের বাইরে রাখতে চায় না সরকার। এ কারণে এবার ‘মপ-আপ ক্যাম্পেইন’ পরিচালনা করা হচ্ছে।

এই কর্মসূচির আওতায় দুর্গম ও প্রত্যন্ত এলাকার শিশু, প্রতিবন্ধী শিশু এবং আগের ধাপে কোনো কারণে টিকা থেকে বাদ পড়া শিশুদের শনাক্ত করে টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি শিশুর কাছে পৌঁছাতে মাঠপর্যায়ে স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে কাজ করা হচ্ছে বলে জানান তিনি।

তিনি বলেন, আগামী এক মাসে আরও প্রায় ৩৫ লাখ শিশুকে টিকাদানের আওতায় আনা সম্ভব হবে বলে সরকার আশাবাদী। দুর্গম পাহাড়ি এলাকা থেকে শুরু করে চরাঞ্চল পর্যন্ত শিশুদের কাছে টিকা পৌঁছে দেওয়ার কাজ চলছে।

টিকাদান কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতার জন্য যুক্তরাষ্ট্র সরকার, গ্যাভি, ইউনিসেফ, সিটি করপোরেশন, স্বাস্থ্যকর্মী ও মাঠপর্যায়ের সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী।

তার ভাষ্য, সম্মিলিত প্রচেষ্টার কারণেই ইতোমধ্যে বিপুলসংখ্যক শিশুকে টিকার আওতায় আনা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান ও জনগণকে সঙ্গে নিয়ে স্বাস্থ্য খাতের অঙ্গীকার বাস্তবায়ন করা হবে।

শেয়ার করুনঃ
Advertisement