রাকিবুলের ভাইরাল অডিওর কণ্ঠ তারই, তথ্য পাচার তদন্তে: ডিবি

রাকিবুলের ভাইরাল অডিওর কণ্ঠ তারই, তথ্য পাচার তদন্তে: ডিবি ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:০১, ৭ অক্টোবর ২০২৬

রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানের ভাইরাল অডিওতে থাকা কণ্ঠ তারই বলে নিশ্চিত হয়েছে পুলিশ। তবে ওই কথোপকথনের মাধ্যমে কোনো গোপন বা গুরুত্বপূর্ণ তথ্য পাচার করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান ডিবিপ্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।

তিনি জানান, আদালতের অনুমতি নিয়ে রাকিবুল হাসানের কণ্ঠের নমুনা সংগ্রহ করা হয়। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সেই নমুনা পরীক্ষা করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অডিওর কণ্ঠের সঙ্গে মিল পেয়েছে।

রাকিবুলকে দুই দফা রিমান্ডে নেওয়ার পর তদন্তে কী তথ্য পাওয়া গেছে—এমন প্রশ্নের জবাবে ডিবিপ্রধান বলেন, প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে, ভাইরাল হওয়া কথোপকথনটি রাকিবুল হাসানের কণ্ঠেই ধারণ করা। অডিওটি অন্য কোনোভাবে তৈরি বা কৃত্রিমভাবে বানানো হয়নি বলেও জানান তিনি।

তবে ওই কথোপকথন কখন, কোথায় এবং কার সঙ্গে হয়েছিল, এর পেছনের প্রেক্ষাপট কী ছিল—এসব বিষয় এখনো তদন্তাধীন। একই সঙ্গে অডিওর মাধ্যমে কোনো তথ্য অন্য কারও কাছে পাচার করা হয়েছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

গত ১৬ সেপ্টেম্বর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে রাকিবুল হাসানের কথোপকথনের একটি অডিও ছড়িয়ে পড়ে। পুলিশের ভাষ্য অনুযায়ী, সেখানে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়, পুলিশের সক্ষমতা, ঊর্ধ্বতন কর্মকর্তাদের রাজনৈতিক অবস্থান এবং বিভিন্ন পদে পদায়নে অর্থ লেনদেন ও অনিয়মের অভিযোগ নিয়ে আলোচনা শোনা যায়।

অডিওটি ছড়িয়ে পড়ার পর তদন্ত শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরে রাষ্ট্রদ্রোহ মামলায় রাকিবুল হাসানকে গ্রেপ্তার করা হয় এবং তাকে দুই দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। সেই তদন্তের অংশ হিসেবেই তার কণ্ঠের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়।

শেয়ার করুনঃ
Advertisement