রোহিঙ্গা ক্যাম্পে দুটি সেনাক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি

রোহিঙ্গা ক্যাম্পে দুটি সেনাক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:০৫, ৮ অক্টোবর ২০২৬

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা জোরদারে দুটি সেনাক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সারদা পুলিশ একাডেমির আদলে একটি পুলিশ একাডেমি এবং চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার নির্মাণের পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সচিবালয়ে রোহিঙ্গা সংকট ও জঙ্গল সলিমপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে সেখানে সুশাসন প্রতিষ্ঠা করা হবে। পুলিশ একাডেমির পাশাপাশি কাছাকাছি এলাকায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার নির্মাণ করা হবে।

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, ক্যাম্পের ভেতরে মাদক কারবার ও মানবপাচারসহ বিভিন্ন অপরাধের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। এর অংশ হিসেবে রঙ্গিখালী ও নোয়াখালী পাড়ায় দুটি সেনাক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত হয়েছে।

তিনি আরও জানান, রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানকে সিসিটিভি নজরদারির আওতায় আনা হবে। অপরাধমূলক কর্মকাণ্ডের তদন্ত ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারেও আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

রোহিঙ্গা প্রত্যাবাসন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানো সম্ভব। জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সহযোগিতা নিয়ে এ প্রত্যাবাসন কার্যক্রম এগিয়ে নেওয়া যেতে পারে।

শেয়ার করুনঃ
Advertisement