রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, শোক ও উদ্বেগ প্রকাশ মাওলানা মুহিউদ্দীন রাব্বানীর
Published : ২০:০৪, ১২ অক্টোবর ২০২৬
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে হামলায় বাংলাদেশিসহ ১২ জন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী।
সোমবার (১২ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ শোক প্রকাশ করেন।
বিবৃতিতে মুহিউদ্দীন রাব্বানী বলেন, রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানির ঘটনা অত্যন্ত বেদনাদায়ক ও নিন্দনীয়। নিরীহ মানুষের প্রাণহানি ঘটায়—এমন সহিংসতা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। বিশেষ করে সৌদি আরবে এ ধরনের হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের বিষয়।
তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।
বিবৃতিতে তিনি আরও বলেন, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। পাশাপাশি সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বিশ্বের যেকোনো স্থানে নিরপরাধ মানুষের ওপর হামলা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান মাওলানা মুহিউদ্দীন রাব্বানী।































