সীমান্ত পেরিয়ে ভারতে, পতাকা বৈঠকে দুই পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ

সীমান্ত পেরিয়ে ভারতে, পতাকা বৈঠকে দুই পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ ছবি: সংগৃহীত

কুমিল্লা প্রতিনিধি

Published : ১৬:০৪, ১৬ অক্টোবর ২০২৬

মাদক কারবারিদের ধাওয়া করতে গিয়ে ভুলক্রমে ভারতের সীমান্তে প্রবেশ করা বাংলাদেশের দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

ফেরত আসা দুই পুলিশ সদস্য হলেন ব্রাহ্মণপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইমরান হোসেন ও কনস্টেবল রহিত দেওয়ান। কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নারায়ণপুর সীমান্তের ২০৫৭ নম্বর প্রধান সীমান্ত পিলারসংলগ্ন এলাকায় অনুষ্ঠিত পতাকা বৈঠকে তাঁদের বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়।

দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. শাহিন বিষয়টি নিশ্চিত করেছেন।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এএসআই ইমরান ও কনস্টেবল রহিত সিএনজিচালিত অটোরিকশায় রাতের দায়িত্ব পালন করছিলেন। এ সময় তাঁরা উপজেলার শশীদল ইউনিয়নের আশা বাড়ি সীমান্তের ২০৫৯ নম্বর পিলারসংলগ্ন এলাকায় মাদক উদ্ধারের অভিযানে যাচ্ছিলেন।

পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালানোর চেষ্টা করলে দুই পুলিশ সদস্য তাঁদের ধাওয়া করেন। একপর্যায়ে তাঁরা ভুলক্রমে সীমান্ত অতিক্রম করে ভারতের ভেতরে প্রবেশ করেন। পরে ভারতীয় মাদক কারবারিরা তাঁদের আটক করে মারধর করে বিএসএফের হাতে তুলে দেয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

কুমিল্লা বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল রকিবুল হাসান বলেন, দায়িত্ব পালন করার সময় পুলিশ সদস্যরা ভুলক্রমে ভারতে চলে যান। বিষয়টি জানার পর থেকেই বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়।

পতাকা বৈঠকে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর শশীদল বিওপির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসপি মো. শাহিন, ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. ফারুক হোসেন এবং শশীদল বিওপি কমান্ডার সুবেদার মোহাম্মদ তাকবীর হোসেন উপস্থিত ছিলেন।

বৈঠকের মাধ্যমে দুই পুলিশ সদস্যকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়।

শেয়ার করুনঃ
Advertisement