সৌদিতে প্রবাসীদের আকামার মেয়াদ বাড়াতে কাজ করছে সরকার: শামা ওবায়েদ

সৌদিতে প্রবাসীদের আকামার মেয়াদ বাড়াতে কাজ করছে সরকার: শামা ওবায়েদ সৌদি আরবে কর্মরত প্রবাসীরা এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: গ্রাফিক্স

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:১১, ২৩ অক্টোবর ২০২৬

সৌদি আরবে আটকে পড়া প্রবাসী বাংলাদেশিদের ভিসা ও আকামার মেয়াদ বাড়ানোর বিষয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের সংঘাতে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং তাঁদের পরিবারকে সহায়তা দেওয়ার কার্যক্রম চলছে বলেও জানিয়েছেন তিনি।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি মো. শাহেদ আহম্মেদের মরদেহ গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

শামা ওবায়েদ ইসলাম জানান, গত ছয় মাসে মধ্যপ্রাচ্যের যুদ্ধে নিহত ১১ বাংলাদেশির মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়েছে। অন্যদের মরদেহ ফিরিয়ে আনার প্রক্রিয়াও চলছে।

তিনি বলেন, নিহতদের পরিবারের সদস্যদের সব ধরনের সহায়তা দেওয়া হবে। এ সময় তিনি সরকারি সহায়তার চেক নিহতের পরিবারের সদস্যের হাতে তুলে দেন।

সৌদি আরবে আটকে পড়া প্রবাসীদের বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, তাঁদের ভিসা ও আকামার মেয়াদ বাড়ানোর জন্য সরকার কাজ করছে।

এদিকে, সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির বিষয়ে বিস্তারিত তথ্য জানতে দেশটির সরকারের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন শামা ওবায়েদ। এ ঘটনায় রায়ের কপি চেয়েছে বাংলাদেশ সরকার, যাতে মৃত্যুদণ্ড কার্যকরের পেছনের ঘটনা ও সংশ্লিষ্ট তথ্য সম্পর্কে বিস্তারিত জানা যায়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দাবি, ওই দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের আগে সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশ দূতাবাস বা কনস্যুলেটকে কিছু জানায়নি।

প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা, আইনি সহায়তা এবং নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়গুলো নিয়ে সরকারের কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

শেয়ার করুনঃ
Advertisement