কালকিনিতে আধিপত্যের দ্বন্দ্বে যুবক খুন, আহত ৪

কালকিনিতে আধিপত্যের দ্বন্দ্বে যুবক খুন, আহত ৪ ছবি: সংগৃহীত

মাদারীপুর প্রতিনিধি

Published : ১৯:১৪, ২২ অক্টোবর ২০২৬

মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাইজুল সরদার নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টার দিকে কালকিনি উপজেলার কালীগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। নিহত তাইজুল মাদারীপুর সদর উপজেলার কুলপদ্দি এলাকার মৃত রুস্তুম আলী সরদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কালীগঞ্জ বাজারের হানিফের চায়ের দোকানে আলীনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মিলন সরদার ও তাঁর কয়েকজন অনুসারীর ওপর ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালান তাইজুল সরদার ও তাঁর সহযোগীরা। এতে মিলন পক্ষের জহির ও মহাসিন গুরুতর আহত হন।

এ সময় পাল্টা হামলায় তাইজুল ও সাইফুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন মিলন পক্ষের লোকজন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঢাকায় নেওয়ার পথে তাইজুলের মৃত্যু হয়।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাহাঙ্গীর আলম বলেন, চায়ের দোকানে আড্ডা দেওয়ার সময় বোরকা পরা অবস্থায় তাইজুলসহ চারজন এসে হামলা চালান। প্রথমে মহাসিনকে দোকান থেকে কলার ধরে টেনে বের করে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। এরপর পাল্টা হামলার ঘটনা ঘটে।

তিনি আরও বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে একাধিক ব্যক্তির সাক্ষ্য নিয়েছে এবং বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনে কিছুটা সময় প্রয়োজন। দ্রুত ঘটনার রহস্য উদ্‌ঘাটন করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

শেয়ার করুনঃ
Advertisement