চুয়াডাঙ্গায় অসুস্থ হয়ে কারাবন্দির মৃত্যু
Published : ১৮:৪৩, ২২ অক্টোবর ২০২৬
চুয়াডাঙ্গায় অসুস্থ হয়ে আনোয়ার হোসেন (৬৪) নামে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) রাত ১১টা ৫৫ মিনিটে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মৃত আনোয়ার হোসেন চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র গ্রামের স্কুলপাড়ার মৃত আমিরুল ইসলামের ছেলে। তিনি শংকরচন্দ্র ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ছিলেন।
চুয়াডাঙ্গা জেলা কারাগারের জেলার শাখাওয়াত হোসেন জানান, উচ্চ রক্তচাপ (এইচটিএন) ও ইস্কেমিক হার্ট ডিজিজে (আইএইচডি) আক্রান্ত আনোয়ার হোসেন গত ১৭ অক্টোবর থেকে কারা হাসপাতালে ভর্তি ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার রাত ১১টার দিকে তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মৃত্যু সনদে মৃত্যুর কারণ হিসেবে অ্যাকিউট করোনারি সিনড্রোম (এসিএস), ডায়াবেটিস মেলিটাস (ডিএম), ব্রঙ্কিয়াল অ্যাজমা এবং উচ্চ রক্তচাপের উল্লেখ রয়েছে।
জেলার শাখাওয়াত হোসেন আরও জানান, একটি মামলায় আনোয়ার হোসেনের দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা হয়েছিল। জরিমানা অনাদায়ে তাঁকে আরও ৬০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করার আদেশ দেওয়া হয়েছিল। গত ৩০ সেপ্টেম্বর তাঁকে কারাগারে পাঠানো হয়।
সুরতহাল ও ময়নাতদন্ত শেষে আনোয়ার হোসেনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন কারা কর্তৃপক্ষ।































