বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, বাংলাদেশে বৃষ্টির পূর্বাভাস
Published : ১১:৫৪, ২৪ অক্টোবর ২০২৬
দক্ষিণ-পূর্ব ও পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। সংস্থাটির তথ্য অনুযায়ী, সম্ভাব্য ঘূর্ণিঝড়টি সরাসরি বাংলাদেশের উপকূলে আঘাত হানার আশঙ্কা এখন পর্যন্ত দেখা না গেলেও এর প্রভাবে ২৭ বা ২৮ অক্টোবর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত বাড়তে পারে।
শনিবার (২৪ অক্টোবর) বিডব্লিউওটি জানায়, আগামী তিন থেকে চার দিন লঘুচাপটি আরও শক্তিশালী হতে পারে। তাদের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৬ থেকে ১২ ঘণ্টার মধ্যে এটি নিম্নচাপে, পরবর্তী ২৪ থেকে ৩৬ ঘণ্টায় গভীর নিম্নচাপে এবং ৪৮ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
বর্তমানে সিস্টেমটির কেন্দ্র থেকে ১০০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বাতাসের গড় সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৩৫ কিলোমিটার। দমকা বা ঝোড়ো হাওয়ার সময় এ গতি ঘণ্টায় ৪৫ কিলোমিটার পর্যন্ত উঠছে। এর প্রভাবে মধ্য বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় সমুদ্র ক্রমেই উত্তাল হয়ে উঠছে।
বিডব্লিউওটির তথ্য অনুযায়ী, বাংলাদেশের সমুদ্রবন্দরগুলোতে এখনো আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো সতর্কসংকেত জারি করা হয়নি। তবে শিগগিরই হুঁশিয়ারি সংকেত দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ পরিস্থিতিতে মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূল থেকে ১৫০ কিলোমিটারের বেশি দূরে না যাওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত জেলেদের উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টায় সিস্টেমটি দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হতে পারে। পরে শক্তি সঞ্চয় করে পশ্চিম দিকে মোড় নেওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিম-মধ্য ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে পৌঁছে এটি সর্বোচ্চ শক্তি অর্জন করতে পারে। তবে শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়টির শক্তি কতটা হবে, তা এখনো নিশ্চিত নয়।
বিডব্লিউওটির ধারণা, ঘূর্ণিঝড়ে পরিণত হলে এটি আগামী ২৮ অক্টোবরের দিকে ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ অথবা দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে। বাংলাদেশের উপকূলে সরাসরি আঘাত হানা বা বড় ধরনের ধ্বংসযজ্ঞের আশঙ্কা আপাতত দেখা যাচ্ছে না বলে জানিয়েছে সংস্থাটি। তবে ভারতের উপকূল অতিক্রমের সময় সেখানে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে।
সম্ভাব্য ঘূর্ণিঝড়টির দূরবর্তী প্রভাবে বাংলাদেশে ২৭ বা ২৮ অক্টোবর থেকে বৃষ্টি বলয় সক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে। বিডব্লিউওটির পূর্বাভাস অনুযায়ী, ১ নভেম্বর পর্যন্ত দেশের অধিকাংশ এলাকায় উল্লেখযোগ্য বৃষ্টিপাত হতে পারে।
বরিশাল, খুলনা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও ঢাকা বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টি হলেও এর পরিমাণ অপেক্ষাকৃত কম হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

































