পুরান ঢাকায় যুবককে কুপিয়ে হত্যা, পুলিশের তদন্ত শুরু

পুরান ঢাকায় যুবককে কুপিয়ে হত্যা, পুলিশের তদন্ত শুরু ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:০৭, ১ নভেম্বর ২০২৬

রাজধানীর পুরান ঢাকার লালবাগের শহীদনগর এলাকায় বিপ্লব ওরফে ফর্মা বিপ্লব (২৬) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ জানায়, শহীদনগর ৪ নম্বর গলি, বায়তুল ফালা জামে মসজিদ রোডসংলগ্ন কর্নেল মাহাবুব সোহেলের নির্মাণাধীন বাড়ির সামনের সরু গলিতে বিপ্লবের মরদেহ পড়ে ছিল। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দুপুর ২টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় লালবাগ থানা পুলিশের একটি দল।

ঘটনাস্থলে গিয়ে পুলিশ রক্তাক্ত অবস্থায় ওই যুবকের মরদেহ দেখতে পায়। তার বুকের বাঁ পাশে, বাঁ পায়ের হাঁটুর নিচে এবং ডান হাতের কবজিসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশের প্রাথমিক ধারণা, দুপুরের কোনো একসময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যার পর সেখানে ফেলে রেখে যায়।

লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. সেলিম মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যুবককে মৃত অবস্থায় দেখতে পায়। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। হত্যার কারণ এবং এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।

নিহত বিপ্লব শহীদনগরের ৬ নম্বর গলিতে খালার সঙ্গে একটি ভাড়া বাসায় থাকতেন। তিনি লালবাগ কেল্লার বাজার এলাকার একটি মাছের দোকানে কাজ করতেন। স্থানীয়ভাবে তিনি ‘মাউছা বিপ্লব’ নামেও পরিচিত ছিলেন। স্থানীয়দের দাবি, তিনি পুলিশের সোর্স হিসেবেও কাজ করতেন।

পুলিশ জানিয়েছে, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শেয়ার করুনঃ
Advertisement