নির্বাচনে প্রার্থী হতে পারবেন না ইবনে সিনার কর্মকর্তা-কর্মচারীরা
Published : ১৬:১২, ৪ নভেম্বর ২০২৬
দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি এবং এর সব সহযোগী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জাতীয় সংসদ নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচনসহ যেকোনো ধরনের নির্বাচনে প্রার্থী হওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
গত ৬ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের স্বাক্ষরিত এক প্রশাসনিক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।
আদেশে বলা হয়েছে, প্রতিষ্ঠানের সার্ভিস রুলসের Chapter-IV (General Conduct)-এর ২১(৬) ধারা অনুযায়ী, চাকরিরত অবস্থায় কোনো কর্মকর্তা-কর্মচারী জাতীয় সংসদ নির্বাচন, স্থানীয় নির্বাচন কিংবা জনপ্রশাসন বা পরিষদের যেকোনো নির্বাচনে প্রার্থী হিসেবে অংশ নিতে পারবেন না।
এ নির্দেশনা অমান্য করাকে অসদাচরণ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড হিসেবে গণ্য করা হবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রতিষ্ঠানের বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
প্রশাসনিক আদেশটি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি এবং এর সব সহযোগী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রযোজ্য হবে। নির্দেশনাটি অবিলম্বে কার্যকর করার কথাও বলা হয়েছে।
































