মামলায় হাজির না হওয়ায় পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

মামলায় হাজির না হওয়ায় পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চিত্রনায়িকা পরীমনি | ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

Published : ১৭:৩৮, ৪ নভেম্বর ২০২৬

ব্যবসায়ী নাসির ইউ আহমেদের করা মামলায় আদালতে হাজির না হওয়ায় চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (৪ নভেম্বর) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান এ আদেশ দেন। আদালতে উপস্থিত না থাকায় পরীমনির জামিন আবেদন নাকচ করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

উল্লেখ্য, মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে ২০২২ সালের ১৮ জুলাই ঢাকার আদালতে নালিশি মামলা করেন ব্যবসায়ী নাসির ইউ আহমেদ।

মামলার অভিযোগে নাসির উল্লেখ করেন, ২০২১ সালের ৮ জুন পরীমনি ও তার সহযোগীরা সাভারের বোট ক্লাবে প্রবেশ করে ওয়াশরুম ব্যবহার করেন। পরে তারা ক্লাবের ভেতরে বসে অ্যালকোহল পান করেন। ওই দিন দিবাগত রাত ১টা ১৫ মিনিটের দিকে ক্লাব ত্যাগ করার সময় পরীমনি তাকে ডাকেন এবং একটি ব্লু লেবেল অ্যালকোহলের বোতল বিনা মূল্যে দেওয়ার জন্য চাপ দেন বলে অভিযোগ করেন তিনি।

নাসিরের দাবি, এতে রাজি না হওয়ায় পরীমনি তাকে গালমন্দ করেন। একপর্যায়ে হত্যাচেষ্টার উদ্দেশ্যে একটি গ্লাস ছুড়ে মারেন, যা তার মাথা ও বুকে আঘাত করে।

এসব অভিযোগ মামলার বাদী নাসির ইউ আহমেদের বক্তব্যের ভিত্তিতে উল্লেখ করা হয়েছে। মামলার অভিযোগের বিষয়ে আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত এখনো জানানো হয়নি।

শেয়ার করুনঃ
Advertisement