এনবিএর নতুন সভাপতি জাভেদ কারদার, সাধারণ সম্পাদক রাইসুল হক চৌধুরী
Published : ২২:২৪, ৬ নভেম্বর ২০২৬
বেসরকারি টেলিভিশন ও রেডিওর সংবাদ উপস্থাপকদের সংগঠন নিউজ ব্রডকাস্টার্স অ্যালায়েন্স অব বাংলাদেশ (এনবিএ)-এর ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়েছে। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোহনা টেলিভিশনের সিনিয়র প্রেজেন্টার জাভেদ কারদার। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এনটিভির রাইসুল হক চৌধুরী।
শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ নির্বাচনে বিভিন্ন টেলিভিশন চ্যানেলের সাবেক ও বর্তমান সংবাদ উপস্থাপকেরা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নতুন কমিটিতে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জিটিভির শারমিন ইফখাত শামস। ভাইস প্রেসিডেন্ট হয়েছেন চ্যানেল ওয়ানের আশিকুর রহমান তমাল।
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইটিভির সাবেক সিনিয়র নিউজ প্রেজেন্টার মুজাহিদুল ইসলাম শিব্বির। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন এশিয়ান টেলিভিশনের সিনিয়র প্রেজেন্টার রূপা নূর।
কমিটির অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন—কোষাধ্যক্ষ চ্যানেল নাইনের সিনিয়র প্রেজেন্টার সাদওয়াত সুমন, সাংগঠনিক সম্পাদক এটিএন নিউজের সিনিয়র প্রেজেন্টার বাবলী ইয়াসমিন এবং দপ্তর সম্পাদক চ্যানেল টোয়েন্টিফোরের সিনিয়র প্রেজেন্টার মামুন উর রশীদ।
এ ছাড়া মিডিয়া, কমিউনিকেশন ও আইটি সম্পাদক নির্বাচিত হয়েছেন চ্যানেল আইয়ের প্রেজেন্টার সামীর হোসেন। গবেষণা, প্রশিক্ষণ ও আইন সম্পাদক হয়েছেন চ্যানেল টোয়েন্টিফোরের প্রেজেন্টার আতিকুর রহমান আতিক। স্বাস্থ্য ও সমাজকল্যাণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাই টিভির প্রেজেন্টার হাফিজ খন্দকার।
সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক হয়েছেন আরটিভির সিনিয়র প্রেজেন্টার পারভীন মিতু। নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন জিটিভির সাবেক প্রেজেন্টার সাঈদা আহমেদ ও আরটিভির সিনিয়র প্রেজেন্টার ফারজানা তানি।
পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে ভোটগ্রহণ ও নির্বাচনী কার্যক্রম সম্পন্ন হয়। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মিডিয়া ব্যক্তিত্ব কাউসার মাহমুদ। কমিশনের অন্য সদস্যরা ছিলেন একুশে টেলিভিশনের সাবেক সিনিয়র সংবাদ উপস্থাপক তাহজিন রহমান, বৈশাখী টেলিভিশনের সিনিয়র সংবাদ উপস্থাপক লতিফুল মতিন মিঠু, বৈশাখী টেলিভিশনের সাবেক সিনিয়র সংবাদ উপস্থাপক লাবণ্য হাসান এবং চ্যানেল আইয়ের সিনিয়র সংবাদ উপস্থাপক আহমেদ মেহেদী হাসান।
উল্লেখ্য, ২০১১ সালে যাত্রা শুরু করে নিউজ ব্রডকাস্টার্স অ্যালায়েন্স অব বাংলাদেশ (এনবিএ)। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি সংবাদ উপস্থাপকদের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করে আসছে। পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডেও সম্পৃক্ত রয়েছে সংগঠনটি। শিশু, বন্যাদুর্গত এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায়ও বিভিন্ন সময়ে কাজ করেছে এনবিএ।
নতুন এই কমিটির মাধ্যমে সংবাদ উপস্থাপকদের পেশাগত উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা এবং সংগঠনের সামাজিক ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।





























