লাকসাম-মনোহরগঞ্জের ৩৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা, প্রত্যেকে পেল ১০ হাজার টাকা
Published : ১৮:৫৪, ১০ নভেম্বর ২০২৬
কুমিল্লার লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার ৩৪ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া এসব শিক্ষার্থীকে সম্মাননা স্মারকের পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা করে দেওয়া হয়েছে।
গত শনিবার (৭ নভেম্বর) কাতারপ্রবাসী মোহাম্মদ জসিম উদ্দিনের অর্থায়নে এ অনুষ্ঠানের আয়োজন করে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত জাহান।
তিনি বলেন, শিক্ষার্থীদের এ সাফল্য কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের ফল। তবে জিপিএ-৫ অর্জনই জীবনের চূড়ান্ত লক্ষ্য নয়। উচ্চশিক্ষা গ্রহণের পাশাপাশি ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতি নিতে হবে। যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।
কাতারপ্রবাসী জসিম উদ্দিন (সিআইপি) চ্যানেল ২৪-কে বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে তিনি প্রতিবছর এ ধরনের উদ্যোগ নেন। তাঁর বিশ্বাস, শিক্ষিত ও মেধাবী প্রজন্মই উন্নত সমাজ ও সমৃদ্ধ জাতি গঠনের মূল শক্তি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি ও কাতারপ্রবাসী মোহাম্মদ জসিম উদ্দিন। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন সোহাগ।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মাদরাসা টিচার্স ইনস্টিটিউটের সাবেক অধ্যক্ষ মাওলানা অধ্যাপক ড. আহম্মদ উল্লাহ। এ ছাড়া উপস্থিত ছিলেন দৌলতগঞ্জ গাজীমুড়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ড. মো. আবদুল হান্নান, লাকসাম মডেল কলেজের সাবেক অধ্যক্ষ আবু তাহের, শাহপুর ইসলামিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আনোয়ার হোসাইন এবং মনোহরগঞ্জ দারুল উলুম কেরামতিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা জিন্নত আলী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের উপদেষ্টা অধ্যাপক আশরাফুজ্জামান মোল্লা ও আবদুল খালেক মোল্লা, সংগঠনের সহসভাপতি এস এম মুনসুর ও মোস্তাফিজুর রহমান শামীম, সাংবাদিক মজিবুর রহমান দুলাল, নির্বাহী সদস্য শওকত হোসেন বিপ্লব, সাংবাদিক আবুল খায়ের ও জাহাঙ্গীর আলম মিয়াজিসহ স্থানীয় ব্যক্তিরা।
আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং তাঁদের মেধা ও অর্জনের স্বীকৃতি দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকেরাও উপস্থিত ছিলেন।

































