১৩ বছরের সংসারের ইতি টানছেন পবন কল্যাণ ও আনা কোনিদালা

১৩ বছরের সংসারের ইতি টানছেন পবন কল্যাণ ও আনা কোনিদালা ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

Published : ১৭:৩৫, ১০ নভেম্বর ২০২৬

বিয়ের ১৩ বছর পর আলাদা হওয়ার ঘোষণা দিয়েছেন ভারতের অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ও তারকা অভিনেতা পবন কল্যাণ এবং তাঁর স্ত্রী আনা কোনিদালা।

এক যৌথ বিবৃতিতে তাঁরা জানিয়েছেন, পারস্পরিক বোঝাপড়া ও সম্মানের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন।

বিবৃতিতে পবন ও আনা বলেন, ‘আমাদের দাম্পত্য জীবনের সমাপ্তি ঘটলেও আমরা ভালো বন্ধু হিসেবে থাকব। একই সঙ্গে সন্তানদের প্রতি দায়িত্বশীল অভিভাবক হিসেবেও পাশে থাকব। তাদের সুখ ও ভালো থাকাই আমাদের দুজনের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

ব্যক্তিগত এই সময়ে সবার কাছে গোপনীয়তা রক্ষার অনুরোধ জানিয়েছেন তাঁরা। শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিবৃতিতে দুজন বলেন, এই পরিবর্তনের সময়ে তাঁরা সবার সহানুভূতি, সহযোগিতা ও ব্যক্তিগত পরিসরের প্রতি সম্মান প্রত্যাশা করছেন।

এটি পবন কল্যাণের তৃতীয় দাম্পত্য জীবনের সমাপ্তি। ১৯৯৭ সালে নন্দিনীকে বিয়ে করেন তিনি। ১৯৯৯ সালে তাঁদের বিচ্ছেদ হয়। এরপর ২০০৯ সালে অভিনেত্রী রেণু দেশাইকে বিয়ে করেন পবন। এই সংসারে তাঁদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ২০১২ সালে তাঁদের বিচ্ছেদ ঘটে।

২০১৩ সালে রুশ বংশোদ্ভূত আনা কোনিদালাকে বিয়ে করেন পবন। এই সংসারে তাঁদের দুই সন্তান রয়েছে। তারা হলেন পোলেনা অঞ্জনা পবনোভা ও মার্ক শঙ্কর পবনোভিচ।

অভিনেতা চিরঞ্জীবী ও নাগেন্দ্র বাবুর ছোট ভাই পবন কল্যাণ ১৯৯৬ সালে ‘আক্কাদা আম্মায়ি ইক্কাদা আব্বায়ি’ সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক করেন। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় তিনি। ২০১৪ সালে প্রতিষ্ঠা করেন জনসেনা পার্টি। ২০২৪ সালের অন্ধ্রপ্রদেশ বিধানসভা নির্বাচনে তেলুগু দেশম পার্টি (টিডিপি) ও বিজেপির সঙ্গে জোট করে নির্বাচনে অংশ নেয় তাঁর দল। জোটের বড় জয়ের পর অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রীর দায়িত্ব নেন পবন কল্যাণ।

শেয়ার করুনঃ
Advertisement