স্বামী-স্ত্রী দুজনের চাকরি পছন্দ নয়, ব্যক্তিগত মত প্রতিমন্ত্রী মীর শাহে আলমের

স্বামী-স্ত্রী দুজনের চাকরি পছন্দ নয়, ব্যক্তিগত মত প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:০৬, ১০ নভেম্বর ২০২৬

স্বামী-স্ত্রী দুজনই চাকরি করুক—ব্যক্তিগতভাবে এটি পছন্দ করেন না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। যৌথভাবে উপার্জন বা স্বামী-স্ত্রী দুজনের চাকরিতে আইনগত কিংবা সামাজিক বাধা না থাকলেও সন্তানদের লালন-পালনে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনে উপজেলা সহকারী প্রকৌশলীদের নবীন বরণ ও প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘স্বামী-স্ত্রী দুজনই চাকরি করুক, এটি আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না। এর প্রধান কারণ হলো, এর সরাসরি প্রভাব গিয়ে পড়ে সন্তানদের ওপর।’

তিনি আরও বলেন, ‘মেয়েরা কেবল সন্তান লালন-পালনের জন্যই জন্মেছে—বিষয়টি মোটেও এমন নয়। সন্তান অন্য কেউও লালন-পালন করতে পারে। কিন্তু বাবা-মায়ের নিবিড় ছায়ায় বড় হলে তাদের মধ্যে একটি অন্যরকম মানসিক উপলব্ধি ও মূল্যবোধ তৈরি হয়।’

অনুষ্ঠানে উপস্থিত এক তরুণ প্রকৌশলী প্রতিমন্ত্রীকে জানান, তাঁর জন্মের পর তাঁর মা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার চাকরি ছেড়ে দিয়ে পুরো সময় সন্তানকে দিয়েছিলেন।

জবাবে মীর শাহে আলম বলেন, ‘আপনার মা চাকরি ছেড়ে দিয়েছিলেন বলেই আজকে আপনি প্রকৌশলী হতে পেরেছেন, এটি একপ্রকার নিশ্চিত।’

বক্তব্যটি যেন গণমাধ্যমে ভুলভাবে উপস্থাপিত না হয়, সে বিষয়ে সতর্ক করে প্রতিমন্ত্রী বলেন, ‘একই পরিবারে দুজন চাকরি করুক, তাতে আমার কোনো আপত্তি নেই। তবে একজন চাকরি করলে পরিবারের জন্য ভালো হয়—এটি একেবারেই আমার ব্যক্তিগত অভিমত।’

শেয়ার করুনঃ
Advertisement