নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন, হাসপাতালে ৬৩ শিক্ষার্থী; আইসিইউতে ৪
Published : ১২:৪৪, ১০ নভেম্বর ২০২৬
নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় একটি মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৬৩ শিক্ষার্থীকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় চারজনকে আইসিইউতে নেওয়া হয়েছে। একজনকে দেওয়া হয়েছে লাইফ সাপোর্ট।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে ‘জামিয়া আশরাফিয়া’ মাদ্রাসায় এ আগুনের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচতলা মাদ্রাসা ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত লাইব্রেরি ও অফিসকক্ষে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই পুরো ভবনে কালো ধোঁয়া ছড়িয়ে পড়লে আবাসিক শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। ঘন ধোঁয়ায় শ্বাস নিতে গিয়ে অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। পরে ফায়ার সার্ভিসকর্মী ও স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন সুলতান মাহমুদ শিকদার মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে সংবাদমাধ্যমকে জানান, হাসপাতালে ভর্তি ৬৩ শিক্ষার্থীর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় চারজনকে আইসিইউতে নেওয়া হয়েছে। তাঁদের একজনকে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে।
তিনি বলেন, কোনো শিক্ষার্থীর শরীরে পোড়ার চিহ্ন পাওয়া যায়নি। সবারই শ্বাসনালিজনিত সমস্যা হয়েছে বলে ধারণা করা হচ্ছে, যা ধোঁয়ার কারণে হতে পারে। তবে সবার শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে, এমন নয়। কয়েকজনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার বিষয়েও তাঁরা ভাবছেন।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে মাদ্রাসাটিতে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।




























