এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৪:০০, ১০ নভেম্বর ২০২৬

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১০ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় তুরস্কের আনতালিয়ায় ম্যাক্স রয়্যাল হোটেলের সভাকক্ষে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।

বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা করবেন দুই নেতা। এ ছাড়া পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ও আলোচনায় স্থান পেতে পারে।

৩১তম জাতিসংঘ জলবায়ু সম্মেলন (কপ-৩১) উপলক্ষে বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার সকালে তিন দিনের সফরে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, প্রধানমন্ত্রী, তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটটি সকাল সাড়ে ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে ফ্লাইটটি স্থানীয় সময় বিকেল ৪টা ৫ মিনিটে আনতালিয়া বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

শেয়ার করুনঃ
Advertisement