এক বছরে ইনোভার ব্র্যান্ডের ৪০০ পণ্য, দেশজুড়ে ৭০০ ডিলার

এক বছরে ইনোভার ব্র্যান্ডের ৪০০ পণ্য, দেশজুড়ে ৭০০ ডিলার ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:১১, ১০ নভেম্বর ২০২৬

দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ রিসোর্সের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড ইনোভার যাত্রার এক বছর পূর্ণ হয়েছে। ২০২৫ সালে ইলেকট্রিক্যাল পণ্য নিয়ে যাত্রা শুরু করা ব্র্যান্ডটি মাত্র এক বছরের মধ্যে ইলেকট্রিক্যাল, হোম অ্যাপ্লায়েন্স, পাম্প ও টুলস—এই চার ক্যাটাগরিতে ৪০০টিরও বেশি পণ্যের সমৃদ্ধ সম্ভার গড়ে তুলেছে। একই সময়ে দেশজুড়ে ৭০০টি ডিলারের নেটওয়ার্ক প্রতিষ্ঠার মাধ্যমে বাজারে নিজেদের উপস্থিতি ও বিতরণ সক্ষমতা সম্প্রসারণ করেছে প্রতিষ্ঠানটি।

প্রথম বর্ষপূর্তি উপলক্ষে গত রোববার (৮ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত আকিজ হাউসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন।

অনুষ্ঠানে শেখ জসিম উদ্দিন বলেন, “ইনোভার-এর এক বছরের যাত্রা আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। অল্প সময়ের মধ্যে পণ্যের গুণগত মানের মাধ্যমে গ্রাহক ও ব্যবসায়ীদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছি আমরা। অংশীদারদের কথা মাথায় রেখে রুচিশীল পণ্য তৈরিতে গুরুত্ব দিচ্ছি। এ জন্য আমাদের কারখানায় উন্নত প্রযুক্তি, রোবোটিক আর্ম ও সম্পূর্ণ স্বয়ংক্রিয় প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।”

তিনি আরও বলেন, “আমরা মনে করি, আধুনিক প্রযুক্তি, মানসম্মত পণ্য ও নির্ভরযোগ্য সেবার সমন্বয়ে ইনোভার মানুষের দৈনন্দিন জীবনকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তুলবে। আমাদের প্রত্যাশা, ইনোভার-এর পণ্য দেশের প্রতিটি প্রান্তের মানুষের কাছে পৌঁছে যাবে।”

আকিজ লাইট ইঞ্জিনিয়ারিং লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসুদ আল আমিন রাজিব বলেন, “ইনোভার-এর প্রথম বছরটি আমাদের জন্য অগ্রগতি, সম্ভাবনা ও একটি গুরুত্বপূর্ণ মাইলফলকের বছর। আধুনিক নকশা, প্রযুক্তি, গুণগত মান ও নির্ভরযোগ্যতার সমন্বয়ে গ্রাহকের দৈনন্দিন প্রয়োজনের উপযোগী পণ্য সরবরাহ করাই আমাদের লক্ষ্য। অল্প সময়ের মধ্যে ৪০০টিরও বেশি পণ্যের সম্ভার গড়ে তোলা এবং দেশজুড়ে ৭০০টি ডিলারের নেটওয়ার্ক প্রতিষ্ঠা আমাদের ভবিষ্যৎ প্রবৃদ্ধির ভিত্তিকে আরও শক্তিশালী করেছে।”

তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য শুধু পণ্য বিক্রি নয়, বরং বিক্রয়-পরবর্তী সেবাও নিশ্চিত করা। এ জন্য আমাদের দক্ষ সার্ভিস টিম রয়েছে, যারা দেশের যেকোনো প্রান্তে ভোক্তাদের প্রয়োজন অনুযায়ী সেবা দিয়ে থাকে। গ্রাহকের আস্থা অর্জন, পণ্যের সহজলভ্যতা নিশ্চিত করা এবং মানসম্মত গ্রাহকসেবা প্রদানের মাধ্যমে ইনোভারকে একটি নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করাই আমাদের লক্ষ্য।”

অনুষ্ঠানে আকিজ রিসোর্সের চিফ পিপল অফিসার মো. আফসার উদ্দিন, চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার তৌফিক হাসান, ডেপুটি চিফ অপারেটিং অফিসার সোহানুর রহমান সোহান, আকিজ লাইট ইঞ্জিনিয়ারিং লিমিটেডের চিফ ফিন্যান্সিয়াল অফিসার গোলাম কিবরিয়া সরকার, হেড অব মার্কেটিং মো. সাজ্জাদুল ইসলাম এবং হেড অব অপারেশন মোহাম্মদ তৌহিদুল ইসলাম ফয়সালসহ আকিজ রিসোর্সের বিভিন্ন বিজনেস ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‘ডিজাইনড ফর নাউ’ (Designed for Now) স্লোগান নিয়ে যাত্রা শুরু করা ইনোভার পণ্যসম্ভারে বর্তমানে রয়েছে সুইচ, সকেট, এলইডি লাইট, ইলেকট্রিক কুকার, গ্যাস স্টোভ, রাইস কুকার, গিজার, ওয়াটার পাম্প, হার্ডওয়্যার ও পাওয়ার টুলসসহ বিভিন্ন পণ্য। বাড়ি নির্মাণ ও বৈদ্যুতিক সংযোগ থেকে শুরু করে রান্নাঘর এবং দৈনন্দিন গৃহস্থালি পণ্যের চাহিদা পূরণে ব্র্যান্ডটি ধারাবাহিকভাবে পণ্যের বৈচিত্র্য ও পরিসর বাড়াচ্ছে।

শেয়ার করুনঃ
Advertisement