লাহোর কালান্দার্সের হাই পারফরম্যান্স সেন্টারের উপদেষ্টা হলেন আমিনুল ইসলাম বুলবুল

লাহোর কালান্দার্সের হাই পারফরম্যান্স সেন্টারের উপদেষ্টা হলেন আমিনুল ইসলাম বুলবুল সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল | ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

Published : ১৭:৪২, ১০ নভেম্বর ২০২৬

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব ছাড়ার পর নতুন ভূমিকায় দেখা যাবে সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল লাহোর কালান্দার্সের হাই পারফরম্যান্স সেন্টারগুলোর উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে লাহোর কালান্দার্স। নতুন দায়িত্বে খেলোয়াড়দের উন্নয়ন, কোচিং কার্যক্রমের মানোন্নয়ন এবং তরুণ ক্রিকেটারদের প্রতিভা বিকাশে পরামর্শ দেবেন আমিনুল। ক্রিকেট প্রশাসন ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা কাজে লাগাতে চায় পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজিটি।

আন্তর্জাতিক ক্রিকেট ও ক্রিকেট প্রশাসনে দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে আমিনুলের। ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এশিয়া অঞ্চলের ক্রিকেট উন্নয়ন ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। পাশাপাশি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) ক্রিকেট উন্নয়ন কর্মকর্তা হিসেবেও কাজ করেছেন সাবেক এই ব্যাটার।

২০২৫ সালের ৩০ মে থেকে ২০২৬ সালের ৭ এপ্রিল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্বে ছিলেন আমিনুল। বিসিবির প্রশাসনিক অধ্যায় শেষ হওয়ার পর এবার আন্তর্জাতিক ক্রিকেটের উন্নয়নমূলক কর্মকাণ্ডে নতুন দায়িত্ব পেলেন তিনি।

খেলোয়াড়ি জীবনেও বাংলাদেশের ক্রিকেটে গুরুত্বপূর্ণ নাম আমিনুল ইসলাম বুলবুল। ১৯৮৮ থেকে ২০০২ সাল পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলেছেন তিনি। ১৯৯৯ বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়কত্বও করেন। এবার লাহোর কালান্দার্সের হাই পারফরম্যান্স কাঠামোয় নিজের অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ পাচ্ছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।

শেয়ার করুনঃ
Advertisement