ডায়ানা অ্যাওয়ার্ড ২০২৬ পেলেন বাংলাদেশের ১২ তরুণ-তরুণী
Published : ১৪:৫৮, ১৬ নভেম্বর ২০২৬
শিক্ষা, প্রযুক্তি, পরিবেশ, মানবিকতা ও মানসিক স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে ডায়ানা অ্যাওয়ার্ড ২০২৬ পেয়েছেন বাংলাদেশের ১২ তরুণ-তরুণী। তাঁদের উদ্যোগ, নেতৃত্ব ও সমাজ পরিবর্তনে ভূমিকা আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি পেয়েছে। ৪ নভেম্বর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। তাঁদের কাজ ও অর্জনের নানা দিক তুলে ধরেছেন ডায়ানা অ্যাওয়ার্ড বিজয়ী এস এম সামমাম সাকতি ইবনে সাহাদাত।
যুক্তরাজ্যের প্রয়াত প্রিন্সেস ডায়ানার নামে তাঁর দুই ছেলে প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারি ব্রিটিশ রাজপরিবারের পক্ষে ‘দ্য ডায়ানা অ্যাওয়ার্ড’ প্রবর্তন করেন। ৯ থেকে ২৫ বছর বয়সী সামাজিক উদ্যোক্তাদের জন্য অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার হিসেবে বিবেচনা করা হয় এটি।
সামাজিক প্রভাব, অন্যকে অনুপ্রাণিত করা, নেতৃত্ব, দৃষ্টিভঙ্গি এবং সেবামূলক কার্যক্রম—এই পাঁচটি বিষয় বিবেচনায় নিয়ে তরুণদের এ পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়। ২০২৬ সালের তালিকায় স্থান পাওয়া বাংলাদেশি তরুণরা হলেন—আবদুল্লাহ আল ইমরান, আহমেদ সাজিদান জারজিস রাফসান, রিশা আহমেদ, খাদেমুল কিবরিয়া তুর্জ, লামিয়া তাসনিম, অন্নয় দেবনাথ, তাইয়েবা রাহেমিন ওরোমিম, মাহমুদ ইয়ামিন, সুহানা রহমান সুকন্যা, এস এম সামমাম সাকতি ইবনে সাহাদাত, আশা মনি আক্তার ও তানজিল আমিন শুভ। তাঁরা স্থানীয় জনগণকে সচেতন করা, শিক্ষা, প্রযুক্তি, মানসিক স্বাস্থ্য, নারীর নিরাপত্তা, মানবিক সহায়তা, পরিবেশ ও খাদ্যনিরাপত্তায় অবদান রেখেছেন।
ডিজিটাল নিরাপত্তায় ইমরানের ‘কাকতাড়ুয়া’
ইন্টারনেটের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে অনলাইন হয়রানি, ব্ল্যাকমেইল, ব্যক্তিগত তথ্য ফাঁস, ফিশিং ও সাইবার প্রতারণার মতো সমস্যা মানুষের দৈনন্দিন জীবনে বড় ঝুঁকি হয়ে উঠেছে। এসব সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের সহায়তা এবং সাধারণ মানুষের মধ্যে ডিজিটাল নিরাপত্তাবিষয়ক জ্ঞান ছড়িয়ে দিতে Kaktaruaa.org প্রতিষ্ঠা করেন আবদুল্লাহ আল ইমরান।
২০২৩ সাল থেকে তিনি ও তাঁর দল অনলাইন হয়রানি ও সাইবার অপরাধের শিকার ব্যক্তিদের সরাসরি সহায়তা দিয়ে আসছেন। কাকতাড়ুয়ার কার্যক্রমে শতাধিক স্বেচ্ছাসেবী যুক্ত হয়েছেন এবং দেশের ২০টির বেশি প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ তৈরি হয়েছে।
মানবিক সহায়তায় রাফসানের প্রযুক্তিগত উদ্ভাবন
ব্যক্তিগত জীবনের এক মর্মান্তিক অভিজ্ঞতা আহমেদ সাজিদান জারজিস রাফসানের সামাজিক কর্মকাণ্ডের পথ তৈরি করে। নিজের মা ও বোনকে হারানোর পর সংকটে থাকা মানুষের পাশে দাঁড়ানো এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জীবন পুনর্গঠনে ভূমিকা রাখাকে তিনি কাজের অন্যতম লক্ষ্য হিসেবে গ্রহণ করেন।
এই লক্ষ্য থেকেই প্রতিষ্ঠা করেন শিরিন সাজমিলা ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন। ফাউন্ডেশনটি ২০টির বেশি দেশে আট লাখেরও বেশি মানুষের কাছে পৌঁছেছে।
বাংলায় বিজ্ঞান ও প্রযুক্তিশিক্ষা বিস্তারে অন্নয়
বিজ্ঞান ও প্রযুক্তিশিক্ষার সুযোগ সবার জন্য সমান নয়। বিশেষ করে বাংলাভাষী ও সুবিধাবঞ্চিত এলাকার শিক্ষার্থীদের জন্য মানসম্মত স্টিম শিক্ষার সুযোগ অনেক ক্ষেত্রেই সীমিত। এই ব্যবধান কমাতে সায়েন্স বি-এর সহপ্রতিষ্ঠাতা ও হেড অব অপারেশন্স হিসেবে কাজ করছেন অন্নয় দেবনাথ।
বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতভিত্তিক শিক্ষাকে শিক্ষার্থীদের কাছে সহজবোধ্য ও আকর্ষণীয় করে তোলাই তাঁর উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। সায়েন্স বি ডিজিটাল শিক্ষা-উপকরণ, বিজ্ঞানবিষয়ক কর্মশালা এবং কমিউনিটিভিত্তিক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের শেখার সুযোগ তৈরি করছে। বাংলাভাষায় বিজ্ঞানবিষয়ক কনটেন্ট তৈরির ফলে ভাষাগত কারণে বিজ্ঞান শেখার ক্ষেত্রে বাধার মুখে পড়া শিক্ষার্থীদের জন্যও সুযোগ বাড়ছে। এ কার্যক্রম বিশ্বজুড়ে ২০ লাখের বেশি শিক্ষার্থীর কাছে পৌঁছেছে।
জলবায়ু সহনশীলতায় তরুণ নেতৃত্বে আশা মনি
খাদ্যনিরাপত্তা, পরিবেশের ভারসাম্য এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় তরুণদের অংশগ্রহণ বাড়াতে কাজ করছেন ইয়ং হার্টস ইউনাইটেড-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আশা মনি আক্তার।
কৃষিবিজ্ঞানে অধ্যয়নের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি কৃষি, পরিবেশ এবং কমিউনিটিভিত্তিক উন্নয়নকে একসঙ্গে যুক্ত করার চেষ্টা করছেন। তাঁর কাজের মূল লক্ষ্য এমন খাদ্যব্যবস্থা গড়ে তোলা, যা পরিবেশের ওপর চাপ কমানোর পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর খাদ্যপ্রাপ্তি ও জীবনযাত্রার মান উন্নয়নে ভূমিকা রাখে। ইয়ং হার্টস ইউনাইটেড-এর মাধ্যমে তিনি নগর কৃষি, টেকসই খাদ্যব্যবস্থা, সম্পদের পুনর্ব্যবহার, জলবায়ু কার্যক্রম এবং পরিবেশ সংরক্ষণকে গুরুত্ব দিচ্ছেন।
মানসিক স্বাস্থ্যে নীরবতা ভাঙায় তুর্জর উদ্যোগ
তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে সামাজিক সংকোচ, একাকিত্ব এবং সহায়তা পাওয়ার সীমাবদ্ধতা মোকাবিলায় কাজ করছেন খাদেমুল কিবরিয়া তুর্জ। এক বন্ধুকে মানসিক স্বাস্থ্যজনিত সংকটে হারানোর অভিজ্ঞতা তাঁকে এ বিষয়ে কাজ করতে অনুপ্রাণিত করে।
সেই প্রেক্ষাপটে তিনি প্রতিষ্ঠা করেন ‘হেয়ার মি আউট’। মানসিক সংকটে থাকা তরুণরা যেন নিজেদের অভিজ্ঞতা প্রকাশ করতে পারে এবং প্রয়োজনে সহায়তা পায়, সেটিই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। এর মাধ্যমে পাঁচ শতাধিক তরুণ সরাসরি সহায়তা পেয়েছেন। পাশাপাশি কমিউনিটি কার্যক্রম ও ডিজিটাল সচেতনতামূলক প্রচারণার মাধ্যমে ৩১ হাজারের বেশি মানুষের কাছে পৌঁছেছে উদ্যোগটি।
বিদ্যালয়ভিত্তিক স্বাস্থ্য সচেতনতায় লামিয়া
ঘনিষ্ঠ এক বন্ধুকে আত্মহত্যায় হারানোর অভিজ্ঞতা লামিয়া তাসনিমকে তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করতে অনুপ্রাণিত করে। তিনি ‘লেটস টক মেন্টাল হেলথ’-এর সাধারণ সম্পাদক হিসেবে কাজ করছেন।
তাঁর উদ্যোগের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ‘ব্রেইন ওয়েবস’, যার মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কর্মসূচিটির মূল উদ্দেশ্য হলো, শিক্ষার্থীদের আচরণে মানসিক বা আবেগীয় সংকটের প্রাথমিক লক্ষণ শনাক্ত করার বিষয়ে শিক্ষকদের সক্ষমতা বাড়ানো।
আন্তর্জাতিক যুব উন্নয়নে ইয়ামিন
শিক্ষার সুযোগ সম্প্রসারণ, জলবায়ু ন্যায়বিচার এবং তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছেন শিশু উল্লাস অর্গানাইজেশন ইন্টারন্যাশনাল গ্লোবাল ইয়ুথ প্ল্যাটফর্ম-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মাহমুদ ইয়ামিন।
তাঁর উদ্যোগের কেন্দ্রীয় ধারণা হলো, সুবিধাবঞ্চিত শিশু ও তরুণদের উন্নয়নে শিক্ষা, দক্ষতা এবং নেতৃত্বের সুযোগ একসঙ্গে নিশ্চিত করা প্রয়োজন। শিক্ষা থেকে পিছিয়ে থাকা জনগোষ্ঠীর কাছে শেখার সুযোগ পৌঁছে দেওয়া এবং তরুণদের নিজেদের কমিউনিটির উন্নয়নে সক্রিয় ভূমিকা পালনের সক্ষমতা তৈরি করাও তাঁর কাজের অংশ। তাঁর উদ্যোগ বিশ্বজুড়ে ৮৫ হাজারের বেশি শিক্ষার্থীর কাছে পৌঁছেছে। আফগানিস্তানের ৫ হাজার ২০০-এর বেশি নারীর শিক্ষায় সহায়তা করেছে তাঁর দল।
শিক্ষার্থীদের জন্য রিশার মানবিক উদ্যোগ
মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে ‘শেয়ার ইউর ক্লোসেট’ গড়ে তোলেন রিশা আহমেদ। বাংলাদেশের বৃহত্তম বস্তি হিসেবে পরিচিত কড়াইলের জাগো ফাউন্ডেশন স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তাঁর এই উদ্যোগের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এই কার্যক্রমের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সংগঠিত করে মানবিক সহায়তা, স্বাস্থ্যসেবা, দুর্যোগ মোকাবিলা, মাসিক স্বাস্থ্য সচেতনতা এবং নারীর দক্ষতা উন্নয়নসংক্রান্ত প্রকল্পে যুক্ত করা হয়। শেয়ার ইউর ক্লোসেট চার মহাদেশের ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানে বিস্তৃত হয়েছে।
শিশু-কিশোরদের জন্য সুকন্যার ‘টক হোপ’
শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্য সচেতনতা এবং আত্মহত্যা প্রতিরোধে কাজ করছেন সুহানা রহমান সুকন্যা। তিনি ‘টক হোপ’-এর শিশু বিভাগের প্রধান সমন্বয়ক। এটি একটি তরুণ নেতৃত্বাধীন মানসিক স্বাস্থ্য ও আত্মহত্যা প্রতিরোধমূলক উদ্যোগ।
তাঁর কাজের মূল লক্ষ্য শিশু ও কিশোরদের জন্য এমন একটি পরিবেশ তৈরি করা, যেখানে তারা মানসিক চাপ, উদ্বেগ, ভয় কিংবা ব্যক্তিগত সমস্যার কথা নির্ভয়ে প্রকাশ করতে পারে। তাঁর নেতৃত্বে পরিচালিত কার্যক্রম দেশের অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছেছে এবং শিক্ষার্থীদের ওপর ইতিবাচক প্রভাব ফেলেছে।
পরিবেশ ও যুব নেতৃত্বে সামমাম
শিক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং যুব নেতৃত্বকে কেন্দ্র করে সামাজিক পরিবর্তনের জন্য কাজ করছেন এস এম সামমাম সাকতি ইবনে সাহাদাত। ‘ইয়ুথ আর্মি ফর চেইঞ্জ’-এর প্রতিষ্ঠাতা ও পরিচালক হিসেবে তাঁর লক্ষ্য তরুণদের সামাজিক সমস্যার সমাধানে সংগঠিত করা এবং নিজ নিজ কমিউনিটিতে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা তৈরি করা।
তাঁর কাজের বিশেষত্ব হলো, সামাজিক উন্নয়নকে একটি নির্দিষ্ট খাতের মধ্যে সীমাবদ্ধ না রেখে শিক্ষা, পরিবেশ ও মানবিক সহায়তার মতো একাধিক ক্ষেত্রকে একই উদ্যোগে নিয়ে আসা।
নিরাপদ পানির সুযোগ সম্প্রসারণে শুভ
জনস্বাস্থ্য, শিক্ষা এবং কমিউনিটি উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করছেন ‘মশাল আলো’-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান তানজিল আমিন শুভ। ২০১৫ সালে প্রতিষ্ঠিত এই যুবনেতৃত্বাধীন সংগঠনটি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে।
বিশেষ করে গ্রামীণ ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্য, শিক্ষা এবং মৌলিক সেবা পাওয়ার সীমাবদ্ধতা মোকাবিলায় প্রতিষ্ঠানটি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। মশাল আলোর ৫৬টির বেশি কমিউনিটি উদ্যোগের মাধ্যমে ছয় হাজার ২০০-এর বেশি মানুষ সরাসরি উপকৃত হয়েছেন।
সমতা ও তরুণদের সচেতনতায় তাইয়েবা
নারীর সমতা, ব্যক্তিগত নিরাপত্তা এবং লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে শিক্ষা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছেন ‘আনস্টিচড ওমেনস থেরাপি’-এর প্রতিষ্ঠাতা তাইয়েবা রাহেমিন ওরোমিম। মাত্র ১৯ বছর বয়সে তিনি এই উদ্যোগ প্রতিষ্ঠা করেন।
তাঁর কাজের মূল ধারণা হলো, নারী ও তরুণদের নিরাপত্তা নিশ্চিত করতে শুধু আইনগত ব্যবস্থা যথেষ্ট নয়; পাশাপাশি প্রয়োজন সচেতনতা, ব্যক্তিগত নিরাপত্তাবিষয়ক শিক্ষা, মানসিক স্বাস্থ্য সম্পর্কে জ্ঞান এবং সামাজিক পর্যায়ে প্রতিরোধমূলক উদ্যোগ। তাঁর উদ্যোগে বিশ্বজুড়ে দুই শতাধিক স্বেচ্ছাসেবীকে সম্পৃক্ত করা হয়েছে।
এই ১২ তরুণ-তরুণীর উদ্যোগ, নেতৃত্ব ও সামাজিক দায়বদ্ধতা প্রমাণ করে, ইতিবাচক পরিবর্তনে তরুণ প্রজন্ম কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাঁদের হাত ধরেই লাল-সবুজের পতাকা উড়বে বিশ্বময়!































