কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল
Published : ১৮:২৪, ১৬ নভেম্বর ২০২৬
আগামী ৩০ নভেম্বর (সোমবার) কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সফরকালে তিনি কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। পাশাপাশি জেলার বন্ধ ও সংকটাপন্ন শিল্পপ্রতিষ্ঠানগুলোর অর্থনৈতিক পুনরুজ্জীবন, শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৩টায় কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান গণমাধ্যমকে প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি নিশ্চিত করেন।
দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচন-পরবর্তী উন্নয়ন পরিকল্পনা এবং নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে প্রধানমন্ত্রী এ সফর করবেন। বিশেষ করে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ড চালুর প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়গুলো সফরে গুরুত্ব পেতে পারে।
সফরের অন্যতম কর্মসূচি হিসেবে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ ছাড়া জেলার ঐতিহ্যবাহী শিল্পপ্রতিষ্ঠান কুষ্টিয়া সুগার মিল লিমিটেড ও মোহিনী মিলস লিমিটেডের অর্থনৈতিক সম্ভাবনা, পুনরুজ্জীবন এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
দীর্ঘদিন ধরে নানা সংকট ও অব্যবস্থাপনার কারণে প্রতিষ্ঠান দুটি কার্যত স্থবির অবস্থায় রয়েছে। ফলে এগুলোকে পুনরায় উৎপাদন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ফিরিয়ে আনার বিষয়ে স্থানীয় মানুষের মধ্যে দীর্ঘদিনের প্রত্যাশা রয়েছে। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে সংশ্লিষ্টদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।
এ বিষয়ে কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়া সফর এ অঞ্চলের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনি ইশতেহারে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ডসহ দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবেই তিনি কুষ্টিয়ায় আসছেন।
তিনি বলেন, সফরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। পাশাপাশি দীর্ঘদিনের প্রত্যাশা কুষ্টিয়া সুগার মিল ও মোহিনী মিলসকে ঘিরে নতুন অর্থনৈতিক সম্ভাবনা তৈরি, শিল্পপ্রতিষ্ঠানগুলোর পুনরুজ্জীবন এবং কর্মসংস্থান সৃষ্টির বিষয়গুলো গুরুত্ব পাবে।
কুতুব উদ্দিন আহমেদ আরও বলেন, প্রধানমন্ত্রীর এ সফরের মধ্য দিয়ে কুষ্টিয়ার উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রযাত্রায় নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে তাঁরা আশা করছেন।































