আগামী বছরের ২৭ মে’র মধ্যে শেষ হবে ৪,৩০০ ইউনিয়ন পরিষদের নির্বাচন

আগামী বছরের ২৭ মে’র মধ্যে শেষ হবে ৪,৩০০ ইউনিয়ন পরিষদের নির্বাচন ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:০০, ১৬ নভেম্বর ২০২৬

দেশের প্রায় ৪ হাজার ৩০০ ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী বছরের ২৭ মে’র মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে পাঁচ ধাপে ভোটগ্রহণের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। প্রথম ধাপের ভোট অনুষ্ঠিত হবে ২১ জানুয়ারি এবং পঞ্চম ও শেষ ধাপের ভোট হবে ২৭ মে।

সোমবার (১৬ নভেম্বর) নির্বাচন কমিশনের ১৩তম সভা শেষে সাংবাদিকদের এসব সিদ্ধান্তের কথা জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি জানান, নির্ধারিত সূচি অনুযায়ী প্রথম ধাপে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রতিটি ধাপের ভোটের জন্য বৃহস্পতিবার নির্ধারণ করা হয়েছে।

কোন ধাপে কত ইউনিয়নে ভোট

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ধাপে দেশের ১৩১টি উপজেলার ১ হাজার ১২৬টি ইউনিয়ন পরিষদে ভোট অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলার ১ হাজার ১০০টি ইউনিয়নে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে।

তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার ১ হাজার ২টি ইউনিয়নে নির্বাচন হবে। চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৭৯৩টি ইউনিয়ন পরিষদে ভোট নেওয়া হবে। আর পঞ্চম ও শেষ ধাপে ৩৭টি উপজেলার ৩৫০টি ইউনিয়নে ভোটগ্রহণের মধ্য দিয়ে নির্বাচন প্রক্রিয়া শেষ হবে।

আগে ভোট হবে যেসব ইউনিয়নে

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, যেসব ইউনিয়ন পরিষদের মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে, সেগুলোকে নির্বাচনের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি উপজেলা সদরসংলগ্ন ইউনিয়ন এবং দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ ইউনিয়ন পরিষদগুলোতেও আগে ভোট আয়োজনের পরিকল্পনা রয়েছে।

কমিশনের পরিকল্পনা অনুযায়ী, সব জেলায় একই সময়ে নির্বাচনী কার্যক্রম শুরু করার চেষ্টা করা হবে। অগ্রাধিকার ভিত্তিতে মেয়াদোত্তীর্ণ ইউনিয়নগুলোর নির্বাচন আয়োজনের পর অন্যান্য উপজেলার ইউনিয়ন পরিষদগুলোতে বর্ণানুক্রমিকভাবে ভোটগ্রহণের ব্যবস্থা করা হবে।

ভোটের কত দিন আগে তপশিল

নির্বাচনের তপশিল ঘোষণার বিষয়ে সানাউল্লাহ বলেন, সাধারণত ভোটের প্রায় ছয় সপ্তাহ আগে সংশ্লিষ্ট জেলার নির্বাচন কর্মকর্তা তপশিল ঘোষণা করবেন। সম্ভাব্য হিসাবে ভোটের ৩৮ থেকে ৪৫ দিন আগে নির্বাচনের আনুষ্ঠানিক সূচি প্রকাশ করা হতে পারে।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে পৃথক বৈঠক করার পরিকল্পনাও রয়েছে কমিশনের। এর আগে অনুষ্ঠিত বৈঠকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর পক্ষ থেকে জানানো হয়েছিল, নভেম্বরের মধ্যে তাদের প্রশিক্ষণ কার্যক্রম শেষ হবে।

ইভিএম নিয়ে কমিশনের নতুন সিদ্ধান্ত

সভায় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। নির্বাচন কমিশন আগেই সিদ্ধান্ত নিয়েছে, আগামীতে কোনো নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে না। তবে বর্তমানে সংরক্ষিত এসব যন্ত্রের ব্যবস্থাপনা ও নিষ্পত্তি নিয়ে কিছু জটিলতা রয়ে গেছে।

এ বিষয়ে নির্বাচন কমিশনার সানাউল্লাহ জানান, ইভিএম-সংক্রান্ত দায়িত্বপ্রাপ্ত কমিটির বক্তব্য শুনেছে কমিশন। যন্ত্রগুলো কীভাবে নিষ্পত্তি করা হবে এবং আগের কমিটির সিদ্ধান্তগুলো কীভাবে বাস্তবায়ন করা যায়, সে বিষয়ে সংশ্লিষ্ট কমিটিকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, দুর্নীতি দমন কমিশনসহ বিভিন্ন আইনি কার্যক্রমে যেসব ইভিএম প্রয়োজনীয় আলামত হিসেবে সংরক্ষণ করা দরকার, সেগুলো রেখে অবশিষ্ট যন্ত্রগুলো দ্রুত নিষ্পত্তি করতে চায় নির্বাচন কমিশন।

শেয়ার করুনঃ
Advertisement