কোলে থাকা শিশু বেঁচে গেলেও টমটমচাপায় প্রাণ গেল শিক্ষিকার
Published : ১৯:০২, ১৬ নভেম্বর ২০২৬
বরগুনার বামনা উপজেলায় বেপরোয়া গতির টমটমের চাপায় আসমা বেগম (৩২) নামে এক স্কুলশিক্ষিকা নিহত হয়েছেন। তবে মর্মান্তিক এ দুর্ঘটনায় তাঁর কোলে থাকা শিশুটি প্রাণে বেঁচে গেছে।
সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আসমা বেগম উপজেলার ডৌয়াতলা গাজী প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষিকা ছিলেন। তিনি উত্তর গুদিঘাটা গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. মন্নান মিয়ার মেয়ে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বেলা ১১টার দিকে ক্লাস শেষে কোলে শিশুসন্তান নিয়ে কলেজসংলগ্ন সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন আসমা বেগম। এ সময় ইট-বালু বহনকারী স্থানীয়ভাবে ‘ডায়া’ নামে পরিচিত একটি টমটম বেপরোয়া গতিতে এসে তাঁকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে যান এবং টমটমের চাকায় পিষ্ট হন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তবে অলৌকিকভাবে অক্ষত থাকে তাঁর কোলে থাকা শিশুটি।
এ দুর্ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা চালকের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সড়কে স্পিডব্রেকার নির্মাণের দাবিতে সড়ক অবরোধ করেন। তাঁদের অভিযোগ, ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজ ও বাজারসংলগ্ন জনবহুল সড়কটিতে দীর্ঘদিন ধরে ইট-বালুবাহী যানবাহন বেপরোয়া গতিতে চলাচল করছে। কিন্তু যানবাহনের গতি নিয়ন্ত্রণে কার্যকর কোনো ব্যবস্থা নেই।
খবর পেয়ে বামনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন খান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। চালককে স্থানীয় জনতা আটক করে রেখেছিল। পরে তাঁকে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
































