গোপালগঞ্জ ছাড়া অন্য কোথাও আওয়ামী লীগের অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী পার্থ
Published : ১৫:২৬, ১৬ নভেম্বর ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ‘দেউলিয়াত্ব’ ছাড়া আর কিছু নয় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। তিনি বলেছেন, গোপালগঞ্জ ছাড়া দেশের অন্য কোথাও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই।
সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে অনলাইন এডিটরস ফোরামের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
আন্দালিভ রহমান পার্থ বলেন, রাজনীতিতে আওয়ামী লীগ গ্রহণযোগ্যতা হারিয়েছে। রাজনৈতিকভাবে শেখ হাসিনার ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। জনগণ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে বিতাড়িত করেছে। এরপরও দলটি কোনো শিক্ষা নেয়নি।
তিনি আরও বলেন, গত আট মাসে দেশে কোনো ব্যাংক লুটের ঘটনা ঘটেনি, বিদ্যুৎ খাতেও দুর্নীতি হয়নি। এ কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসতে আওয়ামী লীগ সহিংস রাজনীতি করছে বলে তিনি মন্তব্য করেন। তাঁর ভাষ্য, দলটির সাংগঠনিক তৎপরতা নেই। অন্যদিকে মানুষের মনোযোগ সরাতেই তারা সহিংস কর্মকাণ্ড চালাচ্ছে। সহিংস আন্দোলনের মাধ্যমে ফিরে আসার চেষ্টা রাজনৈতিক পদক্ষেপ নয় বলেও মন্তব্য করেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ দেশের যে পরিমাণ ক্ষতি করেছে, তা জাতিকে বোঝানো সম্ভব হয়নি। তাঁর দাবি, দলটি দেশের ভবিষ্যৎ নষ্ট করে গেছে এবং ব্যাংকিং খাতের ব্যালান্সশিট চুরি করে নিয়ে গেছে। এসব ক্ষতির দায় সরকার না নিলেও দায়িত্ব নিয়ে দেশ পরিচালনা করছে বলে মন্তব্য করেন তিনি। এ ছাড়া অতিরিক্ত দামে বিদ্যুৎ কিনতে হচ্ছে বলেও জানান পার্থ।
এ সময় তিনি বলেন, ইতিহাসের সবচেয়ে খারাপ সময়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন তারেক রহমান। তাঁর দাবি, ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত পাকিস্তান যতটা ক্ষতি করেনি, আওয়ামী লীগ ১৭ বছরে তার চেয়েও বেশি ক্ষতি করেছে।
বৈঠকে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, গণমাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের কোনো কার্যক্রম প্রচার করা যাবে না। আগুন সন্ত্রাস ও গণহত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পালিয়ে যাওয়া ব্যক্তিদের সংবাদ প্রচার জনগণ ভালোভাবে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।


































