ডিজিটাল নিরাপত্তায় ইমরানের ‘কাকতাড়ুয়া’, ডায়ানা অ্যাওয়ার্ড ২০২৬ পেলেন বাংলাদেশের ১২ তরুণ

ডিজিটাল নিরাপত্তায় ইমরানের ‘কাকতাড়ুয়া’, ডায়ানা অ্যাওয়ার্ড ২০২৬ পেলেন বাংলাদেশের ১২ তরুণ আবদুল্লাহ আল ইমরান, ছবি: সংগৃহীত।

দেলোয়ার হোসেন :

Published : ১৬:০৮, ১৬ নভেম্বর ২০২৬

শিক্ষা, প্রযুক্তি, পরিবেশ, মানবিক সহায়তা, মানসিক স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ ‘ডায়ানা অ্যাওয়ার্ড ২০২৬’ পেয়েছেন বাংলাদেশের ১২ তরুণ-তরুণী। তাঁদের উদ্ভাবনী উদ্যোগ, নেতৃত্ব, সামাজিক দায়বদ্ধতা এবং ইতিবাচক পরিবর্তনে ভূমিকা আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃতি পেয়েছে। গত ৪ নভেম্বর ২০২৬ সালের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

এবারের বিজয়ীদের মধ্যে রয়েছেন আবদুল্লাহ আল ইমরান, আহমেদ সাজিদান জারজিস রাফসান, রিশা আহমেদ, খাদেমুল কিবরিয়া তুর্জ, লামিয়া তাসনিম, অন্নয় দেবনাথ, তাইয়েবা রাহেমিন ওরোমিম, মাহমুদ ইয়ামিন, সুহানা রহমান সুকন্যা, এস এম সামমাম সাকতি ইবনে সাহাদাত, আশা মনি আক্তার ও তানজিল আমিন শুভ।

তাঁরা নিজ নিজ উদ্যোগের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর সচেতনতা বৃদ্ধি, শিক্ষা বিস্তার, প্রযুক্তির ইতিবাচক ব্যবহার, মানসিক স্বাস্থ্যসেবা, নারীর নিরাপত্তা, মানবিক সহায়তা, পরিবেশ সংরক্ষণ ও খাদ্যনিরাপত্তায় কাজ করে যাচ্ছেন। তরুণ বয়সেই সমাজের নানা সমস্যা চিহ্নিত করে সেগুলোর কার্যকর সমাধানে তাঁদের উদ্যোগ ও নেতৃত্ব প্রশংসিত হয়েছে।

যুক্তরাজ্যের প্রয়াত প্রিন্সেস ডায়ানার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর দুই ছেলে প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারি ১৯৯৯ সালে ‘দ্য ডায়ানা অ্যাওয়ার্ড’ প্রতিষ্ঠার উদ্যোগ নেন। পরবর্তী সময়ে এটি তরুণদের সামাজিক অবদান, নেতৃত্ব ও মানবিক কর্মকাণ্ডের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে প্রতিষ্ঠিত হয়।

সাধারণত ৯ থেকে ২৫ বছর বয়সী তরুণদের সামাজিক পরিবর্তনে অবদান ও নেতৃত্বের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া হয়। সামাজিক প্রভাব সৃষ্টি, অন্যকে অনুপ্রাণিত করা, নেতৃত্বের সক্ষমতা, দৃষ্টিভঙ্গি এবং সেবামূলক কার্যক্রম—এই পাঁচটি মূল মানদণ্ডের ভিত্তিতে বিজয়ীদের নির্বাচন করা হয়।

ডিজিটাল নিরাপত্তায় ইমরানের ‘কাকতাড়ুয়া’

ইন্টারনেট ও ডিজিটাল প্রযুক্তির ব্যবহার যত বাড়ছে, ততই বাড়ছে অনলাইন হয়রানি, ব্ল্যাকমেইল, ব্যক্তিগত তথ্য ফাঁস, ফিশিং, পরিচয় জালিয়াতি ও সাইবার প্রতারণার মতো ঝুঁকি। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে এসব অপরাধের শিকার হয়ে অনেকেই মানসিক, সামাজিক ও আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। অনেক ক্ষেত্রে ভুক্তভোগীরা কোথায় অভিযোগ করবেন, কীভাবে প্রমাণ সংরক্ষণ করবেন কিংবা কীভাবে নিজেদের নিরাপদ রাখবেন, সে বিষয়ে প্রয়োজনীয় তথ্য ও সহায়তা পান না।

এমন বাস্তবতায় ডিজিটাল নিরাপত্তা বিষয়ে সচেতনতা তৈরি এবং সাইবার অপরাধের শিকার ব্যক্তিদের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে ‘কাকতাড়ুয়া’ উদ্যোগ প্রতিষ্ঠা করেন আবদুল্লাহ আল ইমরান। তাঁর প্রতিষ্ঠিত প্ল্যাটফর্ম Kaktaruaa.org অনলাইন নিরাপত্তা, সচেতনতা এবং ভুক্তভোগীদের সহায়তায় কাজ করছে।

২০২৩ সাল থেকে ইমরান ও তাঁর দল অনলাইন হয়রানি এবং বিভিন্ন ধরনের সাইবার অপরাধের শিকার ব্যক্তিদের সরাসরি সহায়তা দিয়ে আসছেন। শুধু সমস্যা সমাধানে সহযোগিতা নয়, বরং মানুষকে ডিজিটাল ঝুঁকি সম্পর্কে সচেতন করা, অনলাইন নিরাপত্তার মৌলিক বিষয়গুলো জানানো এবং সাইবার অপরাধ মোকাবিলায় প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়াও তাঁদের কার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশ।

কাকতাড়ুয়ার কার্যক্রমে ইতোমধ্যে শতাধিক স্বেচ্ছাসেবী যুক্ত হয়েছেন। পাশাপাশি দেশের ২০টির বেশি প্রতিষ্ঠানের সঙ্গে উদ্যোগটির যোগাযোগ ও সহযোগিতার সম্পর্ক গড়ে উঠেছে। স্বেচ্ছাসেবীদের সম্পৃক্ততার মাধ্যমে বিভিন্ন পর্যায়ে ডিজিটাল নিরাপত্তাবিষয়ক সচেতনতা ছড়িয়ে দেওয়া এবং প্রয়োজন অনুযায়ী ভুক্তভোগীদের সহায়তা করার উদ্যোগ অব্যাহত রয়েছে।

বর্তমান সময়ে শিশু-কিশোর, তরুণ, নারী, শিক্ষার্থী ও পেশাজীবী—প্রায় সব শ্রেণি-পেশার মানুষই ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করছেন। ফলে ব্যক্তিগত তথ্যের সুরক্ষা, নিরাপদ অনলাইন যোগাযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমের দায়িত্বশীল ব্যবহার এবং সাইবার অপরাধ সম্পর্কে সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এ ক্ষেত্রে কাকতাড়ুয়ার মতো উদ্যোগ ডিজিটাল নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা তৈরিতে ভূমিকা রাখছে।

ডায়ানা অ্যাওয়ার্ড অর্জনের মাধ্যমে আবদুল্লাহ আল ইমরানের ‘কাকতাড়ুয়া’ উদ্যোগের পাশাপাশি বাংলাদেশের তরুণদের সামাজিক সমস্যা সমাধানে প্রযুক্তিনির্ভর ও মানবিক উদ্যোগ আন্তর্জাতিক স্বীকৃতি পেল। এ অর্জন দেশের তরুণদের সামাজিক নেতৃত্ব, উদ্ভাবন এবং ইতিবাচক পরিবর্তনে আরও উৎসাহিত করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

 
শেয়ার করুনঃ
Advertisement