সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন | ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১০:৪৭, ১৭ নভেম্বর ২০২৬

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ন (এসআরবি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে এসআরবি-১। তবে তাৎক্ষণিকভাবে কোন মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, তা জানা যায়নি।

গ্রেপ্তারের পর সাঈদ খোকনকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগে (ডিবি) হস্তান্তর করা হয়। ডিএমপির ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

শফিকুল ইসলাম জানান, এসআরবি সাঈদ খোকনকে তাঁদের কাছে হস্তান্তর করেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা মামলাসহ তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সাঈদ খোকন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রথম মেয়র ছিলেন। তিনি ঢাকা-৬ আসনের সাবেক সংসদ সদস্য। অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ হানিফের ছেলে তিনি।

এর আগে, ২০২৪ সালের ২৩ ডিসেম্বর সাঈদ খোকন, তাঁর মা শাহানা হানিফ, স্বজন ফারহানা সাঈদ ও জাবেদ আহমেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত। পরে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তাঁদের নামে থাকা ৭৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়।

শেয়ার করুনঃ
Advertisement