রাজউকের অনুমোদন ছাড়া প্লট বিক্রি বন্ধে বিএলডিএর আহ্বান

রাজউকের অনুমোদন ছাড়া প্লট বিক্রি বন্ধে বিএলডিএর আহ্বান ছবি: সংগৃহীত

বিশেষ প্রতিনিধি

Published : ১২:৩৬, ১৭ নভেম্বর ২০২৬

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অনুমোদন ও প্রয়োজনীয় আইনগত বৈধতা ছাড়া পূর্বাচল নতুন শহর ও আশপাশের এলাকায় প্লট বিক্রি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ল্যান্ড ডেভেলপারস অ্যাসোসিয়েশন (বিএলডিএ)।

সংগঠনটির অভিযোগ, রাজউকের অনুমোদন ছাড়াই কিছু প্রতিষ্ঠান আবাসন প্রকল্পের নামে বিজ্ঞাপন, প্রচার-প্রচারণা ও সাইনবোর্ড ব্যবহার করে সাধারণ মানুষের কাছে প্লট বিক্রির কার্যক্রম পরিচালনা করছে। এতে সাধারণ মানুষ প্রতারণার শিকার হওয়ার পাশাপাশি তাঁদের কষ্টার্জিত অর্থ হারানোর ঝুঁকিতে পড়ছেন।

বিএলডিএর মতে, অনুমোদনহীন এসব প্রকল্প আবাসন-সংক্রান্ত প্রচলিত আইন ও বিধিবিধানের লঙ্ঘন। একই সঙ্গে এ ধরনের কার্যক্রম পূর্বাচলের পরিকল্পিত নগরায়ণ, মাস্টারপ্ল্যান অনুযায়ী ভূমির ব্যবহার, জলাশয় সংরক্ষণ ও পরিবেশগত ভারসাম্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

সংগঠনটি জানায়, রাজউকের অনুমোদন ও নির্ধারিত আইনগত প্রক্রিয়া অনুসরণ করে নিবন্ধিত ডেভেলপার প্রতিষ্ঠানগুলোকে আবাসন ব্যবসা পরিচালনা করতে হয়। কিন্তু অনুমোদনহীন কিছু প্রতিষ্ঠান কার্যকর জবাবদিহি ছাড়াই প্রকাশ্যে প্লট বিক্রি, বুকিং ও প্রচারণা চালিয়ে যাচ্ছে। এতে বৈধ আবাসন ব্যবসায়ীরা অসম প্রতিযোগিতার মুখে পড়ছেন এবং নিয়ন্ত্রক সংস্থার কার্যকারিতা নিয়েও প্রশ্ন তৈরি হচ্ছে।

এ পরিস্থিতিতে জনস্বার্থে পূর্বাচল ও তৎসংলগ্ন এলাকায় পরিচালিত সব ল্যান্ড প্রজেক্টের রাজউক অনুমোদন ও আইনগত বৈধতা যাচাইয়ের মাধ্যমে দ্রুত সরেজমিন তদন্তের দাবি জানিয়েছে বিএলডিএ।

সংগঠনটির প্রস্তাবিত পদক্ষেপের মধ্যে রয়েছে—রাজউকের অনুমোদনবিহীন প্রকল্পে প্লট বিক্রি, বুকিং, বিজ্ঞাপন ও প্রচার-প্রচারণাসহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করা; অনুমোদন ছাড়া প্রকল্প পরিচালনাকারী প্রতিষ্ঠান, সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতারক চক্রের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া; অনুমোদনহীন প্রকল্পের সাইনবোর্ড ও বিজ্ঞাপন অপসারণ এবং নিয়মিত নজরদারি জোরদার করা।

এ ছাড়া রাজউকের অনুমোদন ছাড়া কোনো প্রতিষ্ঠান যাতে নতুন করে আবাসন প্রকল্প পরিচালনা বা প্লট বিক্রির কার্যক্রম শুরু করতে না পারে, সে জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানিয়েছে সংগঠনটি।

বিএলডিএর মতে, পূর্বাচল ও এর আশপাশে অনুমোদনহীন ল্যান্ড প্রজেক্টের কার্যক্রম অব্যাহত থাকলে সাধারণ জনগণের পাশাপাশি বৈধ আবাসন ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হবেন। একই সঙ্গে পূর্বাচলের পরিকল্পিত নগরায়ণ ও পরিবেশগত ভারসাম্য রক্ষার উদ্যোগ বাধাগ্রস্ত হতে পারে।

সংগঠনটি মনে করে, এ বিষয়ে দীর্ঘসূত্রতা বা দায়সারা পদক্ষেপ অনুমোদনহীন আবাসন ব্যবসাকে আরও উৎসাহিত করতে পারে। তাই জনস্বার্থ, আইনশৃঙ্খলা, পরিকল্পিত নগরায়ণ এবং বৈধ আবাসন শিল্পের স্বার্থে দ্রুত দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

বাংলাদেশ ল্যান্ড ডেভেলপারস অ্যাসোসিয়েশনের (বিএলডিএ) পক্ষে এসব দাবি জানিয়েছেন সংগঠনের সচিব একেএম নওশেরুল আলম।

শেয়ার করুনঃ
Advertisement