৩০ হাজার টাকা মজুরির দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ

৩০ হাজার টাকা মজুরির দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:২৫, ১৭ নভেম্বর ২০২৬

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। এতে গুরুত্বপূর্ণ দুই মহাসড়কে যান চলাচল ব্যাহত হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস ও বাসায় সড়ক এলাকায় শ্রমিকেরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তাঁরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। একপর্যায়ে সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিতে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে বিক্ষোভকারীরা মহাসড়ক ছেড়ে চলে যান।

প্রায় এক ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। তবে এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

শেয়ার করুনঃ
Advertisement