ফেডের কঠোর নীতির ইঙ্গিতে ১৯ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে ডলার
Published : ১৯:৪০, ১৯ নভেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা এবং কর্মকর্তাদের কঠোর মুদ্রানীতির অবস্থানের কারণে বিশ্ববাজারে শক্তিশালী অবস্থানে রয়েছে মার্কিন ডলার। বৃহস্পতিবার এশিয়ার লেনদেনে ডলারের সূচক প্রায় ১৯ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি অবস্থান করেছে। বিপরীতে, দুর্বল কর্মসংস্থান পরিসংখ্যানের প্রভাবে অস্ট্রেলীয় ডলারের দর ১০ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে।
বৃহস্পতিবার অস্ট্রেলীয় ডলারের বিনিময়মূল্য কমে ০.৬৬৯২ মার্কিন ডলারে দাঁড়ায়, যা গত জানুয়ারির পর সর্বনিম্ন। দেশটিতে টানা দ্বিতীয় মাসের মতো অক্টোবরে কর্মসংস্থান কমেছে। একই সময়ে বেকারত্বের হার বেড়ে পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এতে অস্ট্রেলিয়ায় সুদের হার বাড়ানোর ধারাবাহিকতা আপাতত শেষ হওয়ার সম্ভাবনা জোরালো হয়েছে।
শক্তিশালী মার্কিন ডলারের চাপে ইউরোর দরও ২০২৫ সালের এপ্রিলের পর সর্বনিম্ন পর্যায়ের কাছাকাছি নেমেছে। সর্বশেষ প্রতি ইউরোর বিনিময়মূল্য ছিল ১.০৯৭৭ ডলার। ব্রিটিশ পাউন্ডের দরও এক মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ের কাছাকাছি নেমে প্রতি পাউন্ড ১.৩১৫২ ডলারে লেনদেন হয়েছে। অন্যদিকে, জাপানি ইয়েনের দর প্রায় অপরিবর্তিত থেকে প্রতি ডলারের বিপরীতে ১৫৯.৩৯-এ অবস্থান করেছে, যা বহুল আলোচিত ১৬০-এর স্তরের কাছাকাছি।
ফেডের কঠোর অবস্থানে ডলারের বাজার শক্তিশালী
ডলারের শক্তিশালী অবস্থানের পেছনে অন্যতম কারণ হিসেবে কাজ করছে ফেডারেল রিজার্ভের কঠোর মুদ্রানীতির ইঙ্গিত। বুধবার প্রকাশিত ফেডের ২৭ ও ২৮ অক্টোবরের বৈঠকের কার্যবিবরণীতে দেখা গেছে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হতে পারে—এমন উদ্বেগ কর্মকর্তাদের মধ্যে বেড়েছে। তবে ওই বৈঠকে আপাতত সুদের হার অপরিবর্তিত রাখার বিষয়ে তারা একমত হয়েছিলেন।
ফেডের গভর্নর ক্রিস্টোফার ওয়ালারও সুদের হার বাড়ানোর পক্ষে মত দিয়েছেন। তাঁর মতে, ডিসেম্বরে কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার ৫০ ভিত্তি পয়েন্ট বাড়ানো উচিত, অথবা ২০২৭ সালে আরও দ্রুত হারে সুদের হার বাড়ানোর সংকেত দেওয়া প্রয়োজন।
প্রযুক্তি খাতের শেয়ারবাজারে দুর্বলতা দেখা দিলেও ফেডের কঠোর অবস্থানের কারণে ডলারের দর সমর্থন পাচ্ছে। চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার শেয়ারের দাম রাতারাতি কমেছে। যদিও প্রতিষ্ঠানটি আয় ও ভবিষ্যৎ ব্যবসায়িক পূর্বাভাসে ভালো ফল দেখিয়েছে। তবে সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াংয়ের প্রধান নির্বাহীর পদ ছাড়ার ঘটনায় প্রযুক্তি খাতের বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। গত সপ্তাহে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করার পর তিনি পদ ছাড়েন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ওসিবিসি ব্যাংকের বিশ্লেষকদের মতে, ফেডের সুদের হার বাড়ানোর সম্ভাবনা আপাতত প্রযুক্তি খাতের শেয়ারবাজারের দুর্বলতাকে ছাপিয়ে গেছে। এতে ডলারের দর শক্তিশালী থাকার সুযোগ পাচ্ছে। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে মূলধনি ব্যয়ের প্রত্যাশা আরও কমে গেলে ডলারের এই অবস্থান চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। এর ফলে যুক্তরাষ্ট্রের প্রকৃত সুদের হার কমার পাশাপাশি দেশটির শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগের প্রবাহও দুর্বল হতে পারে।
বন্ড ও জ্বালানি বাজারেও পরিবর্তন
বুধবার যুক্তরাষ্ট্রের সরকারি বন্ডের দাম বেড়েছে। বিশেষ করে ২০ বছর মেয়াদি বন্ডের সফল নিলাম দীর্ঘমেয়াদি বন্ডের বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে। এর ফলে ১০ বছর মেয়াদি মার্কিন ট্রেজারি বন্ডের সুদের হার প্রায় ৪ ভিত্তি পয়েন্ট কমে ৫.০৬ শতাংশে নেমেছে। বৃহস্পতিবার এশিয়ার শুরুর লেনদেনে সুদের হারে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়নি। সাধারণত বন্ডের দাম বাড়লে এর সুদের হার কমে।
পেপারস্টোনের গবেষণা কৌশলবিদ দিলিন উ বলেন, তেলের দাম কমায় মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ কিছুটা প্রশমিত হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারের দুর্বলতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে শঙ্কার কারণে বিনিয়োগকারীরা তুলনামূলক নিরাপদ বিনিয়োগ হিসেবে সরকারি বন্ডের দিকে ঝুঁকতে পারেন।
যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসনের তথ্য অনুযায়ী, দেশটিতে অপরিশোধিত তেল ও জ্বালানির মজুত প্রত্যাশার চেয়ে বেশি বেড়েছে। এর প্রভাবে বুধবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম ১ শতাংশের বেশি কমে লেনদেন শেষ হয়েছে। এতে বাজারে সরবরাহ উদ্বৃত্ত থাকার আশঙ্কাও বেড়েছে।
এদিকে, ফেডের সুদের হার বাড়ানোর ইঙ্গিতের পর রাতারাতি বড় দরপতনের মুখে পড়লেও স্বর্ণের দাম পরে স্থিতিশীল হয়েছে। প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়িয়েছে ৩ হাজার ৭৪৩ ডলারে।
বৃহস্পতিবার এশিয়ার লেনদেনের শুরুর দিকে ডলারের সূচক প্রায় অপরিবর্তিত থেকে ১০৩.৮১ পয়েন্টে অবস্থান করছিল। এটি ২০২৫ সালের এপ্রিলের পর সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি।
বিনিয়োগকারীরা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের শেয়ারবাজারে প্রবেশের সম্ভাবনার দিকেও নজর রাখছেন। এর মাধ্যমে এআই খাত নিয়ে বিনিয়োগকারীদের আগ্রহের মাত্রা বোঝার চেষ্টা করা হবে। পাশাপাশি বৃহস্পতিবার বিশ্বনেতাদের মধ্যে অনুষ্ঠিতব্য কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকের দিকেও নজর রয়েছে বাজারসংশ্লিষ্টদের।
সূত্র: রয়টার্স

































