শেখ হাসিনাকে দেশে ফিরতে হলে হাতকড়া পরেই আসতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
Published : ১০:৪৯, ২৪ নভেম্বর ২০২৬
১৬ ডিসেম্বর দেশে ফেরার বিষয়ে শেখ হাসিনার ইচ্ছা ও বাস্তবতা এক নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে চাইলে তাঁকে হাতকড়া পরা অবস্থায় বন্দী হিসেবেই আসতে হবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি আরও বলেন, মনের জ্বালায় টাকা দিয়ে অনেকেই সংবাদ প্রকাশ করাতে পারেন।
হুমায়ুন কবির বলেন, এ ধরনের পরিস্থিতিতে সংবিধানবহির্ভূতভাবে তাঁকে নির্বাসিত করা হয়েছে। তাই ১৬ ডিসেম্বর বিজয় দিবসে শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তন নিশ্চিত করা এখন সরকারের দায়িত্ব।
এর আগে মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিবেদনে উল্লেখ করা হয়, এবারই প্রথম দেশে ফেরার জন্য নির্দিষ্ট একটি তারিখ জানিয়েছেন তিনি। তাঁর এ ঘোষণাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক ও আইনি পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে।
রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশে শেখ হাসিনার দল নিষিদ্ধ রয়েছে। এ ছাড়া চলতি মাসের শুরুতে নতুন পাসপোর্ট ও প্রয়োজনীয় অন্যান্য নথির জন্য আবেদন করার পর থেকে দেশে সহিংসতার মাত্রা বেড়েছে।
২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে ভারতে চলে যাওয়ার কয়েক মাস পর বাতিল হওয়া নথিপত্র পুনরায় পাওয়ার চেষ্টা করছেন শেখ হাসিনা। প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের উদ্যোগের পাশাপাশি তিনি বাংলাদেশ সরকারকে জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মাধ্যমে দেশে ফেরার ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন।
শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী এক বিবৃতিতে বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের একটি বিমানে শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। তাই এখন দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য সরকারের কাছে আকাশপথে যাতায়াতের ব্যবস্থা করার আহ্বান জানাচ্ছেন তিনি।





























