আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:২৪, ২৪ নভেম্বর ২০২৬

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জে দায়িত্ব পালন করছেন দুই ব্যাটালিয়ন বিজিবি সদস্য। যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তাঁদের মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গোপালগঞ্জ ছাড়াও গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলায় বিজিবি সদস্য মোতায়েন রয়েছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় মোতায়েন করা সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মোতায়েন করা বিজিবি সদস্যরা জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও স্পর্শকাতর এলাকায় নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছেন। পাশাপাশি বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ যেকোনো কর্মকাণ্ড প্রতিরোধে কাজ করছেন তাঁরা।

পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও মাঠপর্যায়ে সমন্বয় নিশ্চিত করতে বিজিবি সদর দপ্তরে বিশেষ মনিটরিং সেল চালু রাখা হয়েছে। সেখান থেকে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায়ও পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে কাজ করছে বিজিবি।

সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিতে বিজিবি প্রস্তুত রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

শেয়ার করুনঃ
Advertisement