হাসিনার হাস্যকর দাবি, বললেন চিফ প্রসিকিউটর

হাসিনার হাস্যকর দাবি, বললেন চিফ প্রসিকিউটর ছবি : সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:৪৪, ২৪ নভেম্বর ২০২৬

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে এয়ারক্রাফট পাঠানোর দাবিকে হাস্যকর ও নজিরবিহীন বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তাঁর ভাষ্য, একজন পলাতক আসামির জন্য এয়ারক্রাফট চাওয়ার দাবি উন্মাদনা ছাড়া কিছু নয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

চিফ প্রসিকিউটর বলেন, যে মুখপাত্র এয়ারক্রাফট চেয়ে বিবৃতি দিয়েছেন, তাঁর বক্তব্য গ্রহণযোগ্য নয়। একজন পলাতক আসামির পক্ষে অন্য কারও এ ধরনের দাবি জানানোর ঘটনা বিশ্বে বিরল বলেও মন্তব্য করেন তিনি।

বিদেশে পলাতক আসামিদের তৎপরতা নিয়ে আমিনুল ইসলাম বলেন, বাংলাদেশের ভূখণ্ডের ভেতরে তাঁরা কোনো কর্মকাণ্ড চালাচ্ছেন না। অন্য দেশে তাঁদের কার্যক্রমের বিষয়ে কূটনৈতিক চ্যানেলে অবহিত করা ছাড়া বাংলাদেশের আর কিছু করার নেই। বিভিন্ন দেশে তাঁদের তৎপরতার খবর গণমাধ্যমে দেখা যাচ্ছে বলেও জানান তিনি।

চিফ প্রসিকিউটরের অভিযোগ, পলাতক নেতাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে আওয়ামী লীগের সদস্যরা নিজেরাই বিশ্বের কাছে নিজেদের সন্ত্রাসী, দুষ্কৃতকারী ও খুনি হিসেবে প্রমাণ করছেন। এসব আসামিকে দেশে ফিরিয়ে আনতে সর্বাত্মক প্রচেষ্টা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

আওয়ামী লীগের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার বিষয়ে তিনি বলেন, নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে দলটি যদি সন্ত্রাসী সংগঠন হিসেবে নিজেদের প্রমাণ করে, তাহলে বিচারের মাধ্যমে সংগঠনটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার ও ট্রাইব্যুনাল হয়তো বাধ্য হবে।

সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচারের অগ্রগতি প্রসঙ্গে আমিনুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরেই দলটির বিরুদ্ধে একটি অভিযোগ রয়েছে এবং সন্ত্রাসী সংগঠন হিসেবে বিচারের আবেদন করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষ হলে যথাসময়ে গণমাধ্যমকে বিস্তারিত জানানো হবে।

শেয়ার করুনঃ
Advertisement