কপ৩১-এ সমঝোতা ছাড়াই সমাপ্তি, বাংলাদেশ পাচ্ছে ১,০৫৫ কোটি টাকার অনুদান

কপ৩১-এ সমঝোতা ছাড়াই সমাপ্তি, বাংলাদেশ পাচ্ছে ১,০৫৫ কোটি টাকার অনুদান ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:৩৯, ২৪ নভেম্বর ২০২৬

কোনো চূড়ান্ত সমঝোতা ছাড়াই শেষ হয়েছে তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন (কপ৩১)। জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো, অভিযোজন অর্থায়ন ও জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় দেশগুলোর মধ্যে ঐকমত্য না হলেও দুটি আন্তর্জাতিক তহবিল থেকে প্রায় ১ হাজার ৫৫ কোটি টাকার অনুদানের প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্লোবাল শিল্ড থেকে অন্তত ৫ কোটি ইউরো বা প্রায় ৬৮২ কোটি টাকা এবং ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ড (সিআইএফ) থেকে ৩ কোটি ডলার বা প্রায় ৩৭৩ কোটি টাকা সহায়তার প্রতিশ্রুতি মিলেছে।

প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ বলেন, কোনো অঙ্গীকার বা সিদ্ধান্ত ছাড়াই সম্মেলন শেষ হওয়ায় জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলো হতাশ হয়েছে। তবে এই পরিস্থিতিতেও বাংলাদেশ দুটি বৈশ্বিক তহবিল থেকে অনুদানের প্রতিশ্রুতি পেয়েছে।

তিনি আরও জানান, সম্মেলনে বাংলাদেশ ৪০টি পার্শ্ব আয়োজন করে, যেখানে বিভিন্ন দেশের জলবায়ুকর্মী ও প্রতিনিধিরা অংশ নেন। পাশাপাশি গ্লোবাল ম্যানগ্রোভ অ্যালায়েন্সের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ হয়েছে এবং সংস্থাটির কাছ থেকে তহবিল পাওয়ার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে।

এর আগে গত ১২ নভেম্বর সম্মেলনে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জ্ঞান ও প্রযুক্তি হস্তান্তর, জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দ এবং ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক সহায়তা দেওয়ার আহ্বান জানান তিনি।

সম্মেলনে বাংলাদেশের অর্জন প্রসঙ্গে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আহমদ কামরুজ্জামান মজুমদার বলেন, জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ এবং বৈশ্বিক অভিযোজন অর্থায়নের লক্ষ্যমাত্রা নির্ধারণে মূল সম্মেলনে অচলাবস্থা তৈরি হলেও দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় কূটনীতিতে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।

তার মতে, প্যারিস চুক্তির ৬ নম্বর অনুচ্ছেদের আওতায় কার্বন বাণিজ্যে সিঙ্গাপুরের সঙ্গে সমঝোতা স্মারক সই, গ্লোবাল রুফটপ সোলার ডিক্লারেশনে সমর্থন এবং ম্যানগ্রোভ সংরক্ষণ উদ্যোগে যুক্ত হওয়া বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্জন।

অন্যদিকে, সম্মেলনে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সমর্থন দিলেও জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জ্বালানি রূপান্তরে কত অর্থ সহায়তা দেওয়া হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি পাওয়া যায়নি।

বেসরকারি সংস্থা ইয়ুথনেট গ্লোবালের নির্বাহী সমন্বয়ক সোহানুর রহমান বলেন, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর পক্ষে অবস্থান নিয়েও অভিযোজন ও জ্বালানির ন্যায্য রূপান্তরে অর্থায়নের ক্ষেত্রে উন্নত দেশগুলোর অনীহা স্ববিরোধী। সব মিলিয়ে এবারের সম্মেলনকে তিনি সবচেয়ে হতাশাজনক বলে উল্লেখ করেন।

তিনি বলেন, বাংলাদেশের উপকূলীয় লবণাক্ত এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা এবং শিল্পকারখানাকে পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তরের সময় শ্রমিকদের আয় সুরক্ষা ও প্রশিক্ষণের ব্যয় কে বহন করবে, সে বিষয়ে উন্নত দেশগুলোর জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন।

সোহানুর রহমানের মতে, জলবায়ু পরিবর্তনের জন্য শিল্পোন্নত দেশগুলোর ঐতিহাসিক দায় রয়েছে। একই সঙ্গে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং সৌদি আরব ও কুয়েতের মতো তেল রপ্তানিকারক দেশগুলোকেও কার্বন নিঃসরণ ও আর্থিক সক্ষমতা অনুযায়ী ক্ষয়ক্ষতি মোকাবিলায় অবদান রাখতে হবে।

উল্লেখ্য, ২০২৪ সালে আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত কপ২৯ সম্মেলনে ২০৩৫ সালের মধ্যে উন্নয়নশীল দেশগুলোর জন্য বছরে অন্তত ৩০ হাজার কোটি ডলার সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। পরের বছর ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিত কপ৩০ সম্মেলনে অভিযোজন খাতে অর্থায়ন অন্তত তিন গুণ বাড়ানোর প্রচেষ্টা জোরদারের আহ্বান জানানো হয়।

এবারের সম্মেলনে অভিযোজন খাতে বছরে ১২ হাজার কোটি ডলার অর্থায়নের একটি প্রস্তাব খসড়া সিদ্ধান্তে রাখা হলেও পরে তা বাদ দেওয়া হয়। ২০ নভেম্বর রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গত ৯ নভেম্বর শুরু হওয়া কপ৩১ সম্মেলন শেষ হয় ২২ নভেম্বর। এতে প্রায় ২০০ দেশের প্রতিনিধিরা অংশ নেন। ২০০৯ সালে ডেনমার্কের কোপেনহেগেনে অনুষ্ঠিত সম্মেলনের পর এবারই প্রথম জাতিসংঘের কোনো জলবায়ু সম্মেলন চূড়ান্ত সম্মত দলিল ছাড়াই শেষ হলো।

শেয়ার করুনঃ
Advertisement