বিদেশি মিশনেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা
Published : ১২:২৬, ২৪ নভেম্বর ২০২৬
বিদেশে বাংলাদেশের যেকোনো কূটনৈতিক মিশনে গেলেও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। মঙ্গলবার (২৪ নভেম্বর) তিনি এ কথা বলেন। একই দিন আরেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবিরও বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে বন্দী হিসেবেই ফিরতে হবে।
শামা ওবায়েদ ইসলাম বলেন, শেখ হাসিনা বাংলাদেশের যে মিশনেই যাবেন, সেখানেই তাঁকে গ্রেপ্তার করা হবে। মানবতাবিরোধী অপরাধীদের পাসপোর্ট দেওয়ার কোনো বিধান সংবিধানে নেই বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে মঙ্গলবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির। শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা এবং বাস্তব পরিস্থিতি এক নয় উল্লেখ করে তিনি বলেন, দেশে ফিরতে হলে শেখ হাসিনাকে হাতকড়া পরা অবস্থায় বন্দী হিসেবেই ফিরতে হবে।
আগামী ১৬ ডিসেম্বর শেখ হাসিনা দেশে ফিরতে চান—এমন সংবাদ প্রকাশের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
এ সময় দেশে সাম্প্রতিক সহিংসতা ও নাশকতার ঘটনায় শেখ হাসিনার সংশ্লিষ্টতার অভিযোগও তোলেন হুমায়ূন কবির। তাঁর দাবি, দিল্লি থেকে শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় এসব সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে।
যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড সরকার অত্যন্ত কঠোরভাবে মোকাবিলা করবে বলেও জানান তিনি।





























