দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা
Published : ১১:০০, ২৯ সেপ্টেম্বর ২০২৪
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন এবং অন্যান্য উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে একটি বাণিজ্যিক ফ্লাইটে করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীরা।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে বলেন, সফরে ড. মুহাম্মদ ইউনূস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ ১২টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সাইড লাইনের ৪০টি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন।
তিনি আরও বলেন, বাংলাদেশের কোনো সরকার প্রধানের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের সবচেয়ে সফলতম সফর ছিল এবার। সফরকালে প্রধান উপদেষ্টার ব্যাপক কর্মতৎপরতা বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক বিশ্বের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক এবং অংশীদারিত্ব এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বড় অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।
এর আগে গত ২৩ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক পৌঁছান প্রধান উপদেষ্টা। ৪ দিনের সফরকালে খুবই কর্মব্যস্ত সময় পার করেন তিনি।
বিডি/ও





























